নিজস্ব প্রতিনিধি, দিঘা : রাত পোহালেই স্বাধীনতা দিবস। পর পর তিনদিন রয়েছে ছুটি। তাই ব্যাগ গুছিয়ে অনেকেই ছুটেছেন দিঘায়। একদিকে জগন্নাথ মন্দির দর্শন, অন্যদিকে ঘুরে আসা সবটাই করা হবে। বৃহস্পতিবার থেকে ভিড় বাড়তে শুরু করেছে দিঘায়। বহু পর্যটকরা নেমে পড়েছেন সমুদ্র সৈকতে। সেখানেই ওৎ পেতে ছিল, বিপদ তা বুঝতেও পারেননি। উত্তাল সমুদ্রে তলিয়ে গিয়েছেন ২ পর্যটক। দ্রুত নেমে গিয়ে প্রথমে একজনকে, পরে আরেকজনকে নুলিয়ারা উদ্ধার করে। একজনকে বাঁচানো গেলেও একজনের মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, দিঘার সমু্দ্রে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে লিলুয়ার বাসিন্দা শঙ্কর হাজরার (৪৫)। উদ্ধার করার পর দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তবে ওড়িশার বাসিন্দা নারায়ণ সাউ (৪২) প্রাণে বেঁচে গিয়েছেন। হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগ এবং তীব্র বাতাসের কারণে সমুদ্র অত্যন্ত উত্তাল ছিল। এই সবকিছু সত্ত্বেও পর্যটকরা সমুদ্র স্নানে নেমেছিল। উত্তাল সমুদ্রের কারণে তলিয়ে যান শঙ্কর ও নারায়ণ। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন নুলিয়ারা। খবর পাওয়া মাত্রই উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও কোস্টগার্ড।
পর্যটকরা জানিয়েছেন, এদিন সমুদ্রের ঢেউয়ের উচ্চতা অনেকটা বেশি ছিল। বাকি পর্যটকরা সমুদ্রে স্নান করলেও ঢেউ আসার আগে সমুদ্রতটে চলে আসতে পারলেও দুজন পারেনি। তাঁরা জলে তলিয়ে যায়। সমু্দ্র উত্তাল থাকার করাণে পর্যটকদের সতর্ক থাকার কথা বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।