নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট : দিঘায় জগন্নাথমন্দির তৈরি হওয়ার পর থেকে বেড়েছে পর্যটকের সংখ্যা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দিঘাগামী বাস শুরু হয়েছে আগেই। এবার বালুরঘাট থেকে দিঘায় যাওয়া যাবে সহজেই। তারজন্য চালু হয়েছে এসি ভলভো বাস। সপ্তাহে ২ দিন এই বাস বালুরঘাট থেকে দিঘায় যাবে। বাসভাড়াতেও বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।
জানা গিয়েছে, বালুরঘাট থেকে দিঘা যাওয়ার জন্য বাস চালুর দাবি অনেকদিন ধরেই জানানো হচ্ছিল। স্থানীয়রা দিঘায় সরাসরি যাওয়ার জন্য অনেকদিন ধরে এই বাসের জন্য দাবি জানাচ্ছিলেন। অবশেষে সেই সুযোগ মিলতে চলেছে। যাত্রীদের কথা মাথায় রেখে বাস পরিষেবা শুরুর প্রথম ২ বাস বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। দিঘায় যাওয়ার জন্য বাস ভাড়া ১৫৬০ টাকা। প্রথম দু’মাস বিপুল পরিমাণে ছাড় দেওয়া হচ্ছে যাত্রীদের। বালুরঘাটবাসীদের জগন্নাথ দর্শণে সুবিধা করে দিতে ভলভো বাসে ভাড়া থাকছে মাত্র ৯৬০ টাকা। শুধু দু’মাসই নয়, তার পরেও বাসভাড়াতে ছাড় দেওয়া হবে বলে জানা গিয়েছে।
পাশাপাশি বালুরঘাট থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য একটি নন এসি বাসও চালু হয়েছে। শুক্রবার এই বাসের উদ্বোধন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উপস্থিত ছিলেন, নিগমের ডিরেক্টর তোরাফ হোসেন মণ্ডল, প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার, নিগমের প্রাক্তন ডিরেক্টর বিপ্লব খাঁ, বালুরঘাট ডিপোর ইনচার্জ অশোক চক্রবর্তী প্রমুখ।
এনবিএসটিসি জানিয়েছে, প্রতি মঙ্গল ও শনিবার করে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বালুরঘাট থেকে ছাড়বে ভলভো বাসটি। বুধ ও রবিবার দুপুর ২টোয় দিঘা থেকে বালুরঘাটের উদ্দেশে রওনা হবে বাসটি। অনলাইন ও অফলাইনের মাধ্যমে টিকিট কাটা যাবে।