নিজস্ব প্রতিনিধিঃ হাসপাতালের স্যালাইনে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে এক প্রসূতির। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও চার জন। এর জেরে শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে রয়েছে মেদিনীপুর মেডিক্যাল হাসপাতাল। এবার এই ঘটনার নিরিক্ষে হাসপাতালে গেলেন স্বাস্থ্য দফতরের ১৩ জনের প্রতিনিধি দল। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের দেখেই বিক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার সহ রাজনৈতিক দলের নেতা-নেতৃত্বরা।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুতে একের পর এক মারাত্মক অভিযোগ উঠেছে। মেয়াদ উত্তীর্ণ, নিম্নমানের স্যালাইন ও ওষুধপত্র ব্যবহার করা হয়েছে রোগীদের। স্যালাইনের বোতলে ছত্রাকও মজুত ছিল বলে অভিযোগ সামনে এসেছে। বিষয়টি নিয়ে বৃহষ্পতিবারই হাসপাতাল সুপারকে লিখিতভাবে জানিয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছিল। তার মধ্যেই শুক্রবার সকালে মারা যান মামনি রুইদাস(২০) নামে এক প্রসূতি। অসুস্থ হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। শনিবার সকালে তাদের মধ্যে একজনের স্বাস্থ্যের উন্নতি হয়েছে।
কীভাবে এই গাফিলতির ঘটনা ঘটল? তা নিয়েই শনিবার সকালে স্বাস্থ্য দফতরের তদন্তকারী আধিকারিকরা হাসপাতালে গিয়ে গোটা বিষয় নিয়ে বৈঠক করেন। এদিকে হাসপাতালের বাইরে বিক্ষোভে শামিল হয়েছে এসএফআই, ডিওয়াইএফআই। রাস্তায় বসে বিক্ষোভ দেখায় তারা। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিও হয়। বিক্ষোভকারীদের দাবি, এই গাফিলতির জন্য স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সবমিলিয়ে এই ঘটনা ঘিরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি।