নিজস্ব প্রতিনিধি : শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হাওড়ায়। শুক্রবার পথ দুর্ঘটনায় এক শিশু গুরুতর আহত হলে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানেই তাঁর চিকিৎসা চলেছে। শনিবার সকালে শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতক গাড়ির চালককে প্রথমে গ্রেফতার করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে হাওড়ার মল্লিক ফটকের কাছে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাফ।
সূত্রের খবর, শুক্রবার শালিমার ৫ নং গেট বালিঘাটের কাছে রাস্তার ধারে শিশুটিকে খেলা করছিল। ওই সময় আচমকা একটি স্কুটি এসে ধাক্কা মেরে শিশুটিকে টেনে নিয়ে যায় বেশকিছুটা দূরে। শিশুটিকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায় ঘাতক স্কুটি চালক। স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে ছুটে আসে স্থানীয়রা। তাঁরাই শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার সেখানে চিকিৎসা চললেও শনিবার সকালেই শিশুটির মৃত্যু হয়। ঘাতক স্কুটিচালক স্থানীয় বলে জানা গিয়েছে। স্থানীয়রাই অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্তকে প্রথমে গ্রেফতার করা হলেও পরে তাঁদের ছেড়েও দেয় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। শনিবার শিশুটির মৃত্যুর পর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। তারপরেই জিটি রোডের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। শিশুটিকে ধাক্কা দিয়ে মেরে ফেলার পরেও কীভাবে অভিযুক্তকে মুক্তি দেওয়া হয়েছে সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।