নিজস্ব প্রতিনিধি : ফের সাপের আতঙ্কে থর হরি কম্প কলকাতা পুরসভায়। বুধবার সকালে কলকাতা পুরসভার সদর দফতরের প্রিন্টিং বিভাগে দু’ফুটের সাপটি দেখতে পাওয়া যায়। পুরকর্মীদের নজরেই বিষয়টি আসে প্রথমে। খবর ছড়াতেই চাঞ্চল্য পুরভবনে।
পুর সূত্রে খবর, বুধবার সকালে পুরসভার প্রিন্টিং বিভাগ খোলার কিছুক্ষণ পরেই একটি সাপকে চেয়ার বেয়ে উঠতে দেখেন পুরকর্মীরা। সঙ্গে সঙ্গে হুলস্থুল পড়ে যায় ওই বিভাগে। ঘরে উপস্থিত সকলকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। সাপটি ধরতে বন দফতরে খবরও দেওয়া হয়েছে। বন দফতরকর্মী পৌঁছে গিয়েছেন। তাঁরাই সাপটিকে উদ্ধার করবে। সাপটি উদ্ধার না হওয়া পর্যন্ত পুরসভার প্রিন্টিং বিভাগ বন্ধ রাখার কথা বলা হয়েছে। তবে পুরকর্মীদের অনুমান সাপটি বিষধর নয়।
প্রসঙ্গত, পুরসভায় সাপের হানা নতুন নয়। গত বছর নভেম্বর মাসে কলকাতা পুরসভায় ডেপুটি মেয়রের ঘরে দেখা মিলেছিল বিষহরীর। তখনই আতঙ্ক ছড়িয়েছিল। ডেপুটি মেয়রের ঘরে সাপের দেখা মিললে আর কোথায় কোথায় সে হানা দিয়ে সেই নিয়েই আতঙ্ক ছড়িয়েছিল। পর পর দুদিন পুরসভায় দেখা গিয়েছিল সাপ। খাস কলকাতায় খোদ পুরসভায় ভিতরে এইভাবে সাপের দাপটে চিন্তায় পড়েছিল পুরদফতর। এই নিয়ে বৈঠক, আলোচনাও হয়েছে বিস্তর। এবার ফের পুরসভায় ফিরেছে সাপের আতঙ্ক।
শতবর্ষ প্রাচীন ঐতিহ্যপূর্ণ এই পুরসভার বিল্ডিংয়ে ইঁদুরের আতঙ্ক বহুদিনের। নানান আকারের ও প্রকারের ইঁদুরের দেখা মেলে এখানে। বহু পুরানো বাড়ি হওয়ায় ইঁদুরের দৌড়াত্ব বেড়েছে। পাশাপাশি ভাম, বিষাক্ত সাপ আস্তানা গড়েছে এখানে। সেই কারণেই মাঝে মধ্যেই পুরসভায় হানা দিচ্ছে সাপ। পুরকর্মীদের মধ্যে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়েছে।