নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরজি কর কাণ্ডের তদন্তে ডেপুটি অতীন ঘোষের বাড়িতে সিবিআই। ডেপুটি মেয়রের শ্যামবাজারের বাড়িতে যান সিবিআইয়ের দুই আধিকারিক। শুক্রবার দুপুর ২: ১৫ মিনিটে সিবিআইয়ের পক্ষ থেকে অতীন ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁর বাড়িতে গিয়েছেন। সম্ভবত আগে থেকেই কাশীপুর বেলগাছিয়ার বিধায়ককে জানানো হয়েছিল যে সিবিআই আধিকারিকরা যাবেন। তাই তিনি প্রস্তুত ছিলেন। হাতে ফাইল পত্র নিয়ে অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে গিয়েছেন আধিকারিকরা। প্রসঙ্গত, গত শনিবার তৃণমূল নেতা ও আরজি করের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়িতে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা।
আরজিকর কাণ্ডের পর মূলত দুটি বিষয়ে তদন্ত শুরু হয়। একটি কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা, অন্যটি দুর্নীতির ঘটনা। দুর্নীতির ঘটনায় গ্রেফতার হন আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজন তৃণমূলের অনেক হেভিওয়েট নেতারা। সেই সময় দুর্নীতির বিষয়ে বারবার নাম উঠে এসেছে অতীন ঘোষের। এতদিন পর্যন্ত তাঁকে মোটামুটিভাবে ক্লিনচিট দিয়ে রেখেছিল সিবিআই। কিন্তু শেষ পর্যন্ত আরজি কর কাণ্ডে দুর্নীতি তদন্তে সিবিআইয়ের স্ক্যানারে যেতে হল অতীন ঘোষকে।
আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তৃণমূল নেতা সুদীপ্ত রায়। এই সময়ই রোগী কল্যাণ সমিতির অন্যতম একজন সদস্য ছিলেন অতীন ঘোষ। যে সময় দুর্নীতি নিয়ে রোগীকল্যাণ সমিতির দিকে আঙুল ওঠে সেই সময় অতীন ঘোষও ছিলেন সমিতিতে। এমনকি আরজি করে তরুণী চিকিৎসককে খুনের সময়ও তিনি ছিলেন অন্যতম সদস্য। তাই দুর্নীতির তদন্তের ক্ষেত্রে যে ডেপুটি মেয়রের নাম উঠে আসবে এটাই স্বাভাবিক। তিনি এই দুর্নীতির ব্যাপারে কিছু জানতেন কিনা, অথবা টেন্ডার নিয়ে কিছু জানতেন কিনা সেই সমস্ত বিষয়েই জিজ্ঞাসাবাদ করার জন্য একাধিক ফাইল পত্র নিয়ে সিবিআই আধিকারকরা অতীন ঘোষের বাড়িতে গিয়েছেন।