নিজস্ব প্রতিনিধি : আরজি কর মামলায় আরও তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার বাবা মা। অবশেষে অভয়ার বাবা-মায়ের আবদনে সাড়া দিল সুপ্রিম কোর্ট। পরিবারের আর্জিতে হাই কোর্টে শুনানির জন্য ছাড়পত্র দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
আরজি কর কাণ্ডে শীর্ষ আদালত সাফ জানিয়ে দিল, পরিবারের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ আবেদন শুনতে পারবে। ওই আর্জি হাই কোর্টের শুনতে কোনও বাধা নেই বলে জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খান্না।
সোমবার(১৭ মার্চ)সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসতেই শুরু হয় আরজি কর মামলা।নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী করুণা নন্দী এজলাসে জানান, নির্যাতিতার বাবা-মা আদালতে হাজির রয়েছেন।শীর্ষ আদালতে তাঁদের আবেদন হল, হাই কোর্টের একক বেঞ্চকে যেন সিবিআইকে আরও তদন্তের জন্য বলা হয়। তখন প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘আমরা এই নিয়ে কোনও মন্তব্য করব না।হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ শুনতে পারে।’
সুপ্রিম কোর্টে আরজি কর মামলাটি এর আগে শুনানির জন্য উঠেছিল গত ২৯ জানুয়ারি। তার প্রায় দেড় মাস পরে ফের আরজি কর মামলাটি উঠল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খান্নার এজলাসে। সুপ্রিম কোর্ট আবেদনে সাড়া দেওয়ায় খুশি নিহত চিকিৎসকের বাবা-মা।
উল্লেখ্য, নিহত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই তদন্ত নিয়ে প্রথম থেকেই অসন্তোষ প্রকাশ করেছিল পরিবার। তাদের বক্তব্য, অনেক রহস্যের উদ্ঘাটন হয়নি সিবিআই তদন্তে। পুনরায় সেই বিষয়গুলি তদন্ত করে দেখুক ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শেয়ালদা আদালত আরজি কর কাণ্ডে ধর্ষণ-খুনের মামলার রায় দেওয়ার আগে কলকাতা হাই কোর্টে একটি আবেদনও করেছিলেন নির্যাতিতার মা-বাবা। সিবিআই তদন্ত নিয়ে নানা প্রশ্ন তুলে উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই আবেদন করা হয়েছিল। সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন থাকায় হাই কোর্ট মামলা শুনতে রাজি হয়নি হাই কোর্ট। ফলে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এর আগে গত ২৯ জানুয়ারি শীর্ষ আদালতে শুনানির জন্য উঠেছিল আরজি কর মামলা।