নিজস্ব প্রতিনিধিঃ দ্রুত শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা। শুক্রবার শীর্ষ আদালতে হয় এই মামলার শুনানি । সেইসময় প্রধান বিচারপতি সঞ্জীব খন্না স্পষ্টভাবে জানিয়ে দেন, এই মামলায় তাড়াহুড়োর প্রয়োজন নেই। আগামী ১৭ মার্চ নির্ধারিত দিনেই মামলাটি শুনবে আদালত। একথায় বলা যায়, আরজি করের নির্যাতিতার পরিবারের জরুরি শুনানির আর্জিতে সায় দিল না সুপ্রিম কোর্ট ।
আরজি কর কাণ্ডের ঘটনা নিয়ে তদন্ত করছে সিবিআই । কিন্তু সেই তদন্তে একেবারেই খুশি নয় নির্যাতিতার পরিবার । তাদের একটাই দাবি, একা সঞ্জয় রায়ের পক্ষে এই কাজ করা সম্ভব নয় । এই কাণ্ডের সঙ্গে আরও অনেকেই যুক্ত রয়েছে। তাই মেয়ে সুবিচার চেয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন বাবা- মা । সেইসময় আদালতের তরফ থেকে জানান হয়, এই মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টের অনুমতি লাগবে । তারপরেই শীর্ষ আদালতে যায় নির্যাতিতার পরিবার ।
উল্লেখ্য, গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনা ঘটে । এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় । এই ঘটনার ৫ মাস ৯ দিন পর গত ২০ জানুয়ারি সঞ্জয় রায়েয়র যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল শিয়ালদহ আদালত। আর রায়দানে খুশি নয় নির্যাতিতার পরিবার । এই আবহে শুক্রবার আরজি কর মামলায় সুপ্রিম কোর্টের ফের ধাক্কা খেল নির্যাতিতার পরিবার।