নিজস্ব প্রতিনিধিঃ আরজি করে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল রাজ্য সরকার । শুক্রবার আদালতের তরফ থেকে খারিজ করে দেওয়া হল সেই মামলা । তবে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে সিবিআইয়ের দায়ের করা মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট ।
এই প্রসঙ্গে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আরজি কর-কাণ্ডের তদন্ত করছে সিবিআই । তাই তাদের আবেদন গ্রহণ করা হয়েছে । বলা বাহুল্য, সঞ্জয়ের ফাঁসি চেয়ে প্রথমে আদালতে মামলা দায়ের করেছিল রাজ্য সরকার । এরপর একই দাবি নিয়ে আদালতে দ্বারস্থ হয় তদন্তকারী সংস্থা সিবিআই ।
উল্লেখ্য, গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনা ঘটে । এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় । এই ঘটনার ৫ মাস ৯ দিন পর গত ২০ জানুয়ারি সঞ্জয় রায়েয়র যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল শিয়ালদহ আদালত। কিন্তু সেই রায়ে বিরোধীতা করে কলকাতা হাইকোর্টে যায় রাজ্য সরকার । অন্যদিকে জরুরি শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। শুক্রবার প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এই মামলার শুনানি সময় জানিয়ে দেন, ‘ তাড়াহুড়োর প্রয়োজন নেই।’ আগামী ১৭ মার্চ নির্ধারিত দিনেই মামলাটি শুনবে আদালত।