নিজস্ব প্রতিনিধিঃ মদ খেলেই পিঠে পড়বে ঘা । তাই সুরা দেখলেই ভয়ে কাঁপছে পুরুষেরা । এমনই ঘটনা ঘটছে ঘাটালের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের চাঁদুর গ্রামে। সেখানে কোন পুরুষ সুরাতে মুখ দিলেই প্রবল ঠ্যাঙানি নিশ্চিত। তাই ভয়েতে মদ ছেড়ে দিয়েছে গ্রামের প্রায় ৯০ শতাংশ পুরুষ ।
বেশ কয়েক বছর আগে পর্যন্ত চাঁদুর গ্রাম জুড়ে চলত বেআইনি মদের কারবারি । রাস্তাঘাটের পানের দোকান, মুদির দোকানে রমরমিয়ে চলত দেশি-বিদেশি ও চোলাই মদ। আর এই সময় অধিকাংশ পুরুষ মদ খেয়ে সংসারে নিত্যদিন অশান্তি করতেন । তাতে বেশ বিরক্ত ছিলেন গ্রামের মহিলারা । পুলিশ এসেও পরিস্থিতি সামাল দিতে পারেনি । এরপরেই পথে নামেন গ্রামের মহিলারা । আর তাতেই রাতারাতি বদলে যায় গ্রামের চিত্র ।
বর্তমানে ওই গ্রামে ৭০০-৮০০ জন বসবাস করে। এক মহিলা জানিয়েছেন, ‘ বেআইনি ভাবে মদ বিক্রি রুখতে প্রমীলা বাহিনী তৈরি করা হয়েছে। এখন কেউ মদ খেলেই চলছে দেদার ঠ্যাঙানি। আর প্রমীলা বাহিনীর দাপটে ভয়ে কমছে মদ খাওয়ার প্রবণতা । ‘ বলা বাহুল্য, মহিলাদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যরা । আর তাতেই গ্রাম থেকে মুচেছে বেআইনি মদের দাপাদাপি ।