নিজস্ব প্রতিনিধিঃ বর্ষা এলেই সংবাদ শিরনামে থাকে ‘ ঘাটাল মাস্টার প্ল্যান’। এবার এই প্ল্যানের কাজই এগোল আরও এক ধাপ । শুরু হল ঘাটাল শহরে গার্ডওয়াল এবং স্লুইস গেট তৈরির কাজ। বলা বাহুল্য, আগামী ১৩ ফেব্রুয়ারি ঘাটাল পুরসভার টাউন হলে মাস্টার প্ল্যানের কাজ নিয়ে বসবে মনিটারিং কমিটির বৈঠক । আর তারআগেই শুরু হল ঘাটাল মাস্টার প্ল্যান’ কাজ ।
এই প্রসঙ্গে জেলা কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ আশিস হুতাইত জানিয়েছেন, ‘ রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দুই হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। বরাত পেয়েই গার্ডওয়াল তৈরির জন্য মাটি পরীক্ষা শুরু করে দিয়েছে একটি বেসরকারি সংস্থা। ইতিমধ্যেই ঘাটাল শহরে শিলাবতী নদীর বাম তীরে গার্ডওয়াল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে । সেইসঙ্গে চলতি বছরের মধ্যেই শেষ হবে স্লুইস গেট তৈরির কাজ।’
অন্যদিকে গার্ডওয়াল তৈরি করার জন্য চলছে মাটি পরীক্ষা করার কাজ । এই প্রসঙ্গে বেসরকারি সংস্থার সুপারভাইজার জানিয়েছেন, ‘ মাটি পরীক্ষার জন্য ১৩টি জায়গায় বোরিং করা হচ্ছে। প্রায় ১০০ ফুট নিচ থেকে পরীক্ষার জন্য নেওয়া হচ্ছে মাটি ।’ মাটি পরীক্ষা শেষ হলেই শুরু হবে গার্ডওয়াল তৈরির কাজ । একথায় বলা যায়, চলতি বছর বর্ষার আগেই ঘাটাল মাস্টার প্ল্যানের প্রাথমিক কাজ শেষ করা হবে।