নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও মিলছে না স্বস্তি। মঙ্গলবারের পর ফের বুধবার সকালে মাইথন ও পাঞ্চেত— দুই জলাধার থেকে জল ছাড়ল ডিভিসি। আর তাতে পুজোর আগে দক্ষিণের একাধিক জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে ডিভিসি বুধবার মাইথন থেকে ৪০ হাজার কিউসেক আর পাঞ্চেত থেকে ১ লক্ষ ৩০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। যা মঙ্গলবারের তুলনায় প্রায় ৪০ হাজার কিউসেক বেশি। অত্যাধিক জল ছাড়ার ফলে মূলত বর্ধমান, হাওড়া এবং হুগলির খানাকুল, আরামবাগ-সহ দামোদরের তীরবর্তী এলাকাগুলি বন্যা কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বলা বাহুল্য, বর্তমানে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও ঝাড়খণ্ডে চলছে বৃষ্টি। আর তাতে জলধারগুলিতে জল বেড়ে যাচ্ছে। সেইজন্য ডিভিসি জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।
প্রসঙ্গত, দু’টি জলাধার থেকেই জল ছাড়া হলে, তা দামোদর নদ হয়ে পশ্চিম বর্ধমানের দামোদর ব্যারেজে পৌঁছায়। আর তাতে বাড়ে জলের চাপ। সেইজন্য পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারেজ থেকে বেশি মাত্রায় জল ছাড়া হয়। এরজেরে প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী স্থানীয় প্রশাসনকে পরিস্থিতি নজর রাখার নির্দেশ দিয়েছেন।