নিজস্ব প্রতিনিধিঃ দুয়ারে শীত। আর এই শীত আসতেই রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বর্তমানে মুর্শিদাবাদে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২৯ জন রোগী। তাদেরকে ভর্তি করা হয়েছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। চলছে চিকিৎসা। জানা গিয়েছে, আক্রান্ত রোগীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
গত ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদে দু’জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি একজন ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে বলে খবর। এই প্রসঙ্গে হাসপাতালের অধ্যক্ষ জানিয়েছেন, ‘বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৯জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি রয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।‘
উল্লেখ্য, বর্ষা বিদায় নিয়েছে, এক মাস হতে চলল। কিন্তু এখনও বিরাম নেই ডেঙ্গির। স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুসারে, গত ৪ নভেম্বর পর্যন্ত মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ২২৭ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে টেস্ট করানোর পর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ এসেছে ১৮ হাজার ১৩৩ জনের এবং বেসরকারি হাসপাতাল ও ল্যাব থেকে ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে ৫ হাজার ৯৪ জনের। আর তাতেই বাড়ছে চিন্তা। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে প্রতিটি জেলা শাসকদের ডেঙ্গি নিয়ে সতর্ক করেছে। পাশাপাশি আমজনতাকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।