নিজস্ব প্রতিনিধি : বর্ষার শুরুতেই শহরে ডেঙ্গুর বলি ১। দমদমে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রীর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গুর উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, মৃত ছাত্রী সারণী বন্দ্যোপাধ্যায় (১৩) দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মনজেন্দ্র দত্ত রোডের বাসিন্দা। বৈদ্যনাথ গার্লস হাইস্কুলে সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল সে। বর্ষার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারাল সে। গত ১৯ জুন কলকাতার তপসিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল ওই নাবালিকা। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার সকালেমৃত্যু হয়েছে বছর ১৩-র ওই ছাত্রীর। নাবালিকার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথামে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে অবস্থার অবনতির পরে ওই নাবালিকাকে নিয়ে যাওয়া হয় তপসিয়ার হাসপাতালে। আইডিতে নেওয়ার কথা থাকলেও অবস্থা খারাপ থাকার জন্য বেসরকারি হাসপাতালেই নিয়ে যাওয়া হয়। বুকে এক্সরে করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছে ফুসফুসে জলও জমেছিল। আগের হাসপাতাল ফুসফুসে জল জমার কথা জানায়নি। তপসিয়ার হাসপাতালে সেই জল কিছুটা হলেও বের করা হয়েছিল হাসপাতালের পক্ষ থেকে। কিন্তু তারপরেও তাঁকে বাঁচানো যায়নি। শনিবার সকালে মৃত্যু হয়েছে সপ্তম শ্রেণির ওই ছাত্রীর।
বর্ষা আসার আগে থেকেই ডেঙ্গু আতঙ্কে কাঁপে মানুষ। রাজ্যের বিভিন্ন জায়গায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। এবারও তাই হয়েছে। কিন্তু এবার বর্ষার শুরুতেই এল খারাপ খবর। বৃষ্টি তেমনভাবে শুরু না হলেও ডেঙ্গু তার প্রভাব বিস্তার করেছে। মৃত্যুও হয়েছে একজনের।