নিজস্ব প্রতিনিধি: বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে চারটি আলাদা ক্লাবের হয়ে রেকর্ড গড়ার দিনেই স্বপ্নভঙ্গের যন্ত্রণায় বিদ্ধ হলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। এবারেও আল নাসরের হয়ে সৌদি সুপার কাপ জেতা হলো না। শনিবার (২৩ অগস্ট) হংকংয়ে টাইব্রেকারে আল আহলির কাছে হেরে ট্রফি জয় অধরা থেকে গেল সিআর সেভেনের। এ নিয়ে টানা দ্বিতীয়বার সুপার কাপ ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হলো।
এদিন হংকং স্টেডিয়ামে ফাইনালের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে দুই দল। রক্ষণ সামলে আক্রমণের দিকেই নজর দিয়েছিল যুযুধান দুই শিবির। ফলে আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল আল নাসর। ৪১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই গোলের সুবাদেই এক অনন্য কীর্তি গড়েন তিনি যা আর কোনও ফুটবলারের নেই। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের পর চতুর্থ ক্লাবের হয়ে শততম গোল করার কীর্তি গড়েছেন। তবে পিছিয়ে পড়ার পরেই খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে আল আহলি। প্রথমার্ধের সংযুক্ত সময়ের ষষ্ঠ মিনিটে আল আহলিকে সমতায় ফেরান ফ্রাঙ্ক কিসি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে অবশ্য খেলার গতি খানিকটা মন্থর করে দেয় দুই দলই। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফের আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৮২ মিনিটে আল নাসরকে এগিয়ে দেন মার্সেলো ব্রোজোভিচ। তবে ৮৯তম মিনিটে রজার ইবানেজ আল আহলিকে সমতায় নিয়ে এলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই হার মানতে হয় রোনাল্ডোদের।