আন্তর্জাতিক ডেস্ক: হাড় যতই বুড়ো হোক, ভেলকি দিতে তিনি আজও ওস্তাদ। ঠিক দশ বছর আগেও যেমন তিনি ছিলেন, বর্তমানেও তেমনই রয়েছেন। পিছিয়ে থাকা দলকে খেলায় ফিরিয়ে এনে জয় উপহার দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি প্রো লিগে টানা দুই ম্যাচে জোড়া গোল করে আবারও প্রমাণ করলেন কেন তিনি এবং মেসি ভিন্ন বিশ্ব ফুটবল শূন্য।
শনিবার মধ্যরাতে আল রিয়াধের সঙ্গে খেলা চিল আল নাসেরের। রোনাল্ডো আল নাসেরের তারকা ফুটবলার। ২-১ গোলে জয় পেয়েছে রোনাল্ডোর ক্লাব। ম্যাচের দুটি গোলই করেছেন সিআর সেভেন। কার্যত তিনিই উতরে দিয়েছেন আল নাসেরকে। পরপর দুই ম্যাচে গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
ম্যাচের প্রথমার্ধে ফায়েজ সেলেমানির গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ায় আল নাসের এবং রোনাল্ডোর কল্যাণেই।
৫৬তম মিনিটে সাদিও মানের বাড়ানো বলে গোল করে দলকে সমতায় ফেরান রোনাল্ডো। এরপর ৬৪তম মিনিটে মানের কাটব্যাক বিপক্ষের এক ডিফেন্ডার ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন। বল চলে যায় রোনাল্ডোর পায়ে। সেখান ফের জালে বল জড়ান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড।
টানা চার ম্যাচে গোল করে চলেছেন ৪০ বছর বয়সী রোনালদো। সৌদি প্রো লিগে তার গোল সংখ্যা এখন দাঁড়িয়েছে ৭২টি। সব প্রতিযোগোগিতা মিলিয়ে তাঁর কেরিয়ারে গোল এখন ৯৩৩টি।
গত সপ্তাহেও আল হিলালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন রোনাল্ডো। প্রসঙ্গত, লিগ টেবিলে ২৭ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল নাসের। এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আল হিলাল এবং ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ।