নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে তিন সপ্তাহও নেই। তার মধ্যেই বড় দুঃসংবাদ অস্ট্রেলিয়ার শিবিরে। পিঠের নিচের অংশে চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন তরুণ অলরাউন্ডার মিচেল মার্শ। শুক্রবার (৩১ জানুয়ারি) ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ওই দুঃসংবাদ জানানো হয়েছে।
একদিন ও টেস্ট ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম দাবিদার। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে। ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। কিন্তু প্রতিযোগিতা শুরুর তিন সপ্তাহ আগেও খুব একটা স্বস্তিতে নেই অজিরা। অধিনায়ক প্যাট কামিন্সকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ইতিমধ্যেই তিনি পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন। যার ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই তিনি। তাছাড়া গোড়ালিতেও চোট রয়েছে অজি অধিনায়কের। মাংসপেশির সমস্যায় মাঠের বাইরে আছেন পেসার জশ হ্যাজেলউডও। আর এবার দুঃসংবাদ মিলল মিচেল মার্শকে নিয়ে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পিঠের নিচের অংশে চোটের কারণে মিচেল মার্শকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোর ঝুঁকি নিতে রাজি হননি টিমের চিকিৎসকরা। জাতীয় দলের নির্বাচকরাও তাঁকে বিশ্রামে রাখার পক্ষপাতী। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন না মার্শ। তাঁর জায়গায় কাকে নেওয়া হবে, তা শিগগিরই চূড়ান্ত করা হবে।