নিজস্ব প্রতিনিধি : এবারে ইউরোর সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হতে চলেছে ফ্রান্স। স্পেনের বিরুদ্ধে খেলতে নামার আগে এবার অভয়বাণী শোনালেন ফরাসি তারকা অ্যান্টেনিও গ্রিজম্যান। তাঁর মতে, স্পেনকে ভয় পাওয়ার কিছু নেই।
দীর্ঘদিন ধরেই স্পেনে খেলে আসছেন গ্রিজম্যান। স্পেনের খেলোয়াড়দের অনেকেরই তাঁর চেনা। সম্প্রতি এক ক্রীড়া সংবাদপত্রে সাক্ষাৎকার দিতে গিয়ে ফরাসি তারকা জানান, ‘স্পেন অবশ্য অনেক ভালো দল। কিন্তু ওদের ভয় পাওয়ার কিছু নেই। কোনও দলকে নিয়েই ভয় পাওয়ার কিছু নেই। আমি আমাদের ওপর বিশ্বাস রাখি। ফাইনালে ওঠার জন্য নিজের সবকিছু দিয়ে যাব।‘
একইসঙ্গে তিনি বলেন, ‘আমাদের হাতে একটি ম্যাচ বাকি আছে ফাইনালে ওঠার জন্য। শেষ চারে ওঠা অবশ্যই বড় সাফল্য। আমরা দল হিসাবে উপভোগ করতে চাই। কারণ, আমরা জানি, আমরা পারব।‘ উল্লেখ্য, ২০১২ সালের পর ইউরোয় মুখোমুখি হয়নি দুটি দল। ২০১৬ সালে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ফ্রান্স। অন্যদিকে ২০০৮ ও ২০১২ সালে ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এবারে ফ্রান্স ও স্পেনের মধ্যে লড়াই যে জমজমাট হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।