নিজস্ব প্রতিনিধি: ভারতীয় স্পিনারদের ঘূর্ণির ফাঁদে পড়ে রীতিমতো বিপাকে নিউজিল্যান্ড। রবিবার (৯ মার্চ) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রথম ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও বরুণ চক্রবর্তী-কুলদীপ যাদবদের স্পিন বোলিং সামলাতে গিয়ে রীতিমতো ঠকঠক করে কাঁপছে কিউইরা। ২৭ ওভার শেষে চার উইকেট হারিয়ে ১২৩ রান করেছেন মিচেল স্যান্টনাররা।
টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। শুরুটা ভালই করেছিলেন দুই কিউই ওপেনার উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র। সাবলীল ব্যাটিংয়ে স্কোরবোর্ডে রান তুলতে থাকেন দু’জনে। সপ্তম ওভারের তৃতীয় বলে রাচিনের ক্যাচ ফস্কান মহম্মদ শামি। ৭ ওভারেই বিনা উইকেটে ৫০ রানের গণ্ডি ছাড়িয়ে যায় নিউজিল্যান্ড। অষ্টম ওভারে বরুণ চক্রবর্তীর প্রথম বলেই ক্যাচ তুলেছিলেন রাচিন। কিন্তু সেই ক্যাচ ফেলে দেন শ্রেয়স আইয়ার। ওই ওভারের পঞ্চম বলেই প্রথম ব্রেক থ্রু পায় ভারত। দলীয় ৫৭ রানে বরুণের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান ইয়ং। ২৩ বলে ১৫ রান করেন তিনি।
এরপর ক্রিজে আসা কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন রাচিন। তবে এই জুটি বেশিদূর এগোতে পারেনি। প্রথম পাওয়ার প্লে’র পরের ওভারেই কিউই শিবিরে আঘাত হানেন কুলদীপ যাদব। ২৯ বলে ৩৭ রান করে আউট হন রাচিন। স্কোর বোর্ডে ছয় রান যোগ হতে না হতেই কুলদীপ্বর বলে তাঁরই হাতে ক্যাচ তুলে বিদায় নেন কিউই শিবিরের বড় ভরসা উইলিয়ামসন (১১)। এর পর চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন টম লাথাম ও ড্যারিল মিচেল। দুজনে ৩৩ রান যোগ করেন। লাথামকে (১৪) লেগ বিফোরের ফাঁদে ফেলেন রবীন্দ্র জাদেজা।