নিজস্ব প্রতিনিধি, মহেশতলা: মহেশতলায় মাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মৃত মহিলার নাম বিজলি ঘোষ (৮০)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
মহেশতলায় বছর আশির মাকে নিয়ে থাকতেন বছর পঞ্চাশের সঞ্জয় ঘোষ। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা। এর আগেও একাধিকবার মায়ের ওপর নির্যাতন করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মায়ের মাথা ফাটিয়ে দিয়েছিল বলে জানা গিয়েছে। একাধিকবার পুলিশের খবর দেওয়ার পরে পুলিশ এসে তাকে সতর্ক করে গিয়েছে। তারপরেও একই ঘটনা ঘটিয়ে গিয়েছেন সঞ্জয়। এবার নৃশংসতা মাত্রা ছাড়িয়ে গিয়েছে। মাকে জীবন্ত পুড়িয়ে পাশের ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিলেন অভিযুক্ত সঞ্জয়।
জানা গিয়েছে, শুক্রবার বিজলী দেবীর বাড়ি থেকে রাতে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। বাড়ির দরজা জানালা বন্ধ থাকলেও সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। স্থানীয়রা জানিয়েছেন, বাড়িতে কাউকেই ঢুকতে দেওয়া হত না। এদিন ধোঁয়া দেখতে পেয়ে প্রতিবেশীরা দ্রুত খবর দেয় মহেশতলা থানা ও বজবজ দমকলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকল ও পুলিশবাহিনী। দরজা ভেঙে তারা অগ্নিদগ্ধ অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে। পাশের ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে দেখা গিয়েছে ছেলে সঞ্জয়কে।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত সঞ্জয়কে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে মহেশতলা থানায় নিয়ে যাওয়া হয় পরে তাকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান মাকে পুড়িয়ে খুন করেছে ছেলে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর আসল কারণ জানতে পারা যাবে বলে জানিয়েছে পুলিশ।