নিজস্ব প্রতিনিধি, দাসপুর : বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন স্ত্রীয়ের। খুনের ঘটনায় অভিযু্ক্ত স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম উত্তম জানা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত কৈজুড়ি গ্রামে।
জানা গিয়েছে, গত ২৮ অগস্ট বাড়ির মধ্যে থেকে উত্তম জানার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহ দেখে সন্দেহ হয় পুলিশ ও প্রতিবেশীদের। বাড়িতে একটি দোকান ছিল বছর তিপ্পানোর উত্তম জানার। সেই দোকানেই কারিগর হিসেবে কাজ করত অর্পন সামন্ত। উত্তরমের স্ত্রী রেখা জানার সঙ্গে অর্পনের একটা সম্পর্ক গড়ে উঠেছিল। সেই নিয়ে স্ত্রীকে সন্দেহ করতেন উত্তরবাবু। স্বামী স্ত্রীয়ের মধ্যে এই নিয়ে অশান্তিও হয়েছিল বিস্তর। এরপরেই আচমকাই ঘরের মধ্যে থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে উত্তম জানার দেহ।
সূত্রের খবর, ৫ বছর ধরে অর্পন উত্তম জানার দোকানে কাজ করত। ধীরে ধীরে তাঁর স্ত্রীয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে অর্পন। তাই নিয়ে দুজনের মধ্যে অশান্তি হচত বলে জানিয়েছে প্রতিবেশীরা। এরপরেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে নেমে অভিযোগের ভিত্তিতে উত্তমবাবুর স্ত্রী রেখা জানা ও তাদের দোকানের এক কারিগর অর্পণ সামন্তকে গ্রেফতার করে দাসপুর থানার পুলিশ। শনিবারই তাদের ঘাটাল মহকুমা আদালতে তোলা হয়। অর্পণ সামন্তের সঙ্গে অবৈধ সম্পর্কের কারণেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ। দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চাইছে পুলিশ। কেন, কী কারণে এই ঘটনা ঘটেছে সবটাই জানার চেষ্টা করা হচ্ছে। যদিও পরকীয়া সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা।