নিজস্ব প্রতিনিধি: শীতের দাপট শেষ, এসেছে ঋতুরাজ বসন্ত। আর বসন্তে প্রকৃতির সঙ্গে আলাপ করবেন না তা কি হতে পারে! হাড়ভাঙা পরিশ্রমের পর একটু শান্তি চান তাই তো, তাও আবার শহরের কলকলানি থেকে দূরে গিয়ে? বিশেষ করে যখন চারিদিকে বসন্তের হাওয়া বইছে! কিন্তু যদি ভাবেন পাহাড়ই শুধু দিতে পারবে শান্ত প্রকৃতির খোঁজ, তাহলে ভাবনা ভুল! জঙ্গলেও যেতে পারেন, কথা দিচ্ছি বসন্তে জঙ্গলের মতো রোমান্টিক আর কিছু হতেই পারেনা। কারণ বসন্তে জঙ্গল আরও সুন্দরী হয়ে ওঠে। একদিকে ফুলে ভরা গাছ, অন্যদিকে পাখিদের কলতান। তাই এই বসন্তে জঙ্গল সাফারি করে আসুন।
কারণ এই সময় অন্য মেজাজে দেখা মিলবে পশুপাখিদের। একদিকে হালকা হালকা শীত, অন্যদিকে গরমের আভাস। প্রকৃতির এই সুন্দর রূপটিকেই নাম দেওয়া হয়েছে বসন্ত ঋতু। এ সময় বেড়ানোর মজাই আলাদা। কেননা প্রকৃতি এই সময় রূপসী হয়ে ওঠে। তাই হাতে বেশি সময় না থাকলে ঘুরে আসতে পারেন পাশের রাজ্য কাজিরাঙার জঙ্গল থেকে। যেখানে গেলে যেমন এক শৃঙ্গ গণ্ডারের দেখা মিলবে, তেমনি সাফারির মজা নিতে পারবেন। জঙ্গলে প্রবেশ করলেই বুঝতে পারবেন কতটা চেহারা বদলে দিয়েছে প্রকৃতি। একদিকে শাল-শিমুল-পলাশ গাছে ফুল ধরতে শুরু করেছে, অন্যদিকে সেই পলাশের গন্ধে পশু পাখিরা হাজির হচ্ছে গাছের নীচে। সে এক প্রকৃতির অনন্য রূপ।
কাজিরাঙা জঙ্গলের মাঝেই রয়েছে বুড়াপাহাড় রেঞ্জ। জিপসিতে যেতে যেতে দেখা পেয়ে যাবেন সেই জঙ্গলের উপজাতি বাসিন্দাদের। এছাড়াও চোখে পড়বে বিস্তীর্ণ তৃণভূমি, যেটি এক শৃঙ্গ গণ্ডারের বিচরণভূমি। দেখা মিলতে পারে বুনো মহিষ, মাছরাঙা, পেলিক্যানের। কাছেই রয়েছে জলাভূমি। se সেখানে হাতিদের দেখার সুযোগ মিলবে। সুতরাং শীতের জবুথবু ভাব কাটিয়ে জঙ্গল একেবারে চাঙ্গা হয়ে গরমকে স্বাগত জানান। তাই এক্ষুনি ট্যুরিস্ট লজ বুক করে ঘুরে আসুন এই জঙ্গল থেকে।