নিজস্ব প্রতিনিধি: “এই শহর থেকে আরও অনেক দূরে, চল কোথাও চলে যাই”– সত্যিই তো ভিড়, কংক্রিটের জঙ্গল আর ইঁদুর দৌড়ের থেকে ২-১ দিনের ছুটি নিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কার না মন চায়। তেমনি প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার এক ঠিকানা দেব আপনাদের। ‘ছত্তিশগড়ের শিমলা‘ (Shimla of Chhattisgarh) নামে পরিচিত মৈনপাট (Mainpat), রাজ্যের উত্তরাংশে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যের খনি। সুন্দর আবহাওয়া এবং অনন্য তিব্বতি সংস্কৃতির জন্য পরিচিত মৈনপাট (Mainpat) হল ব্যস্ত নগর জীবন থেকে দূরে শান্তি খোঁজার জন্য আদর্শ গন্তব্য। এই প্রতিবেদনটি আপনাকে কলকাতা (Kolkata) থেকে মৈনপাট (Mainpat) ভ্রমণের যাবতীয় টিপস দেবে।
কিভাবে পৌঁছাবেন মৈনপাট? (How to reach Mainpat)
বিমানে (By Air)
মৈনপাট (Mainpat) –এর নিকটতম বিমানবন্দর হল ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দর। কলকাতা থেকে আপনি প্রায় দেড় ঘন্টা সময় নিয়ে রায়পুরের জন্য সরাসরি ফ্লাইট ধরতে পারেন। রায়পুর থেকে মৈনপাট (Mainpat) প্রায় ৩৫০ কিলোমিটার দূরে তাই বিমানবন্দর থেকে লোকাল ট্যাক্সিতে বা বাসে পৌঁছে যেতে পারবেন। সময় লাগবে প্রায় ৮-৯ ঘন্টা।
ট্রেনে (By Train)
আপনি কলকাতা (Kolkata) থেকে মৈনপাট (Mainpat) –এর নিকটতম রেলওয়ে স্টেশন অম্বিকাপুর (Ambikapur) পর্যন্ত ট্রেনে পৌঁছাতে পারেন। কোলকাতার থেকে প্রায় 15-18 ঘন্টা সময় লাগে। অম্বিকাপুর (Ambikapur) থেকে মৈনপাট (Mainpat) প্রায় 85 কিলোমিটার দূরে, তাই স্টেশন থেকে বেরিয়েই ট্যাক্সি ভাড়া করে বা স্থানীয় বাসে করে প্রায় 2-3 ঘন্টায় পৌঁছে যেতে পারবেন।
সড়ক পথে (By Road)
যারা রোড ট্রিপ উপভোগ করেন তাদের জন্য কলকাতা থেকে মৈনপাট (Mainpat) পর্যন্ত গাড়ি চালিয়ে যাওয়া বেশ অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা হবে। দূরত্ব প্রায় ৯০০ কিলোমিটার এবং পৌঁছাতে প্রায় 18-20 ঘন্টা সময় লাগে। আপনি রাঁচি (Ranchi) এবং রায়পুর (Raipur) শহরগুলি অতিক্রম করে NH16 এবং NH43 রুট নিতে পারেন।
কোথায় থাকবেন? (Where to stay)
মৈনপাট (Mainpat)-এ থাকার জন্য বিভিন্ন বাজেটে এবং পছন্দ মত জায়গা আছে। বিলাসবহুল রিসর্ট থেকে বাজেট-বান্ধব গেস্টহাউস, পাহাড়ের মনমাতানো দৃশ্য সহ আরামদায়ক থাকার জায়গা পেয়ে যাবেন।
কিছু হোটেল খোঁজঃ
- সইলা ট্যুরিস্ট রিসর্ট: এটি একটি সরকারি সম্পত্তি। আরামদায়ক, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরগুলি আপনাদের পছন্দ হবে। খাওয়ার ব্যাবস্থাও আছে।
- মার্কিউরি রিসর্টঃ সুন্দর বাগানে ঘেরা আরামদায়ক কুঁড়ে ঘর গুলি আপনাদের আস্থানা হতে পারে। প্রকৃতির কোলে এমন শান্ত জায়গা আপনাদের পছন্দ হবেই।
- হোম স্টেঃ স্থানীয় তিব্বতি মানুষের আধিক্য থাকায় এখানে কিছু তিব্বতি হোম স্টে আছে। স্থানীয় মানুষদের আথিথেয়তায় ও তিব্বতি খাবারের আস্বাদ নিতে নিতে কয়েকটা দিন ভালোই কাটবে।
কি কি দেখবেন? (What to see)
টাইগার পয়েন্ট
মৈনপাট (Mainpat) -এর সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি হল টাইগার পয়েন্ট। উপত্যকা এবং বহুদুর বিস্তৃত সবুজ জঙ্গলগুলির নয়নাভিরাম দৃশ্য ভালো লাগবে। স্পটটি প্রকৃতি প্রেমীদের ও ফটোগ্রাফারদের জন্য আদর্শ।
ফিশ পয়েন্ট
মাছের আকৃতির জলাশয়, ফিশ পয়েন্ট একটি শান্তিপূর্ণ স্থান। পিকনিকের জন্য আদর্শ। প্রশান্ত পরিবেশ এবং বয়ে যাওয়া জলের শব্দ অবশ্যই আপনার মনে জায়গা করে নেবে।
পারপতিয়া সানসেট পয়েন্ট
পারপতিয়া সানসেট পয়েন্টে সূর্যাস্তের সময়, আকাশে কমলা এবং গোলাপী রঙের মায়াবী আলোয় ভেসে যান। পাহাড়ের উপর সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য যা কোনোদিন ভোলার নয়।
বৌদ্ধ মঠ
মৈনপাট (Mainpat)-এ বেশ কয়েকটি তিব্বতি বৌদ্ধ মঠ রয়েছে যা অনন্য তিব্বতি সংস্কৃতি এবং ঐতিহ্যের নিদর্শন বহন করছে। মঠগুলির শান্তিপূর্ণ পরিবেশ আপনার মন ও আত্মাকে পুনরুজ্জীবিত করবে।
জলপ্রপাত
মৈনপাট (Mainpat) জনপ্রিয় টাইগার ফলস এবং মাছলি (মাছ) ফলস সহ অসংখ্য জলপ্রপাতে ঠাসা। এই প্রাকৃতিক বিস্ময়গুলির নির্মল সৌন্দর্য আপনার ভালো লাগতে বাধ্য।
জলজলী পয়েন্ট
দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, পাহাড়ের ঢালে অসংখ্য পাইন গাছের সারি, আর নরম মাটি, যার উপরে দাঁড়ালে আপনি দুলতে থাকবেন।
উল্টা পানী
প্রকৃতির অদ্ভুদ খেলা দেখতে পাওয়া যায় এখানে। যেখানে পাহাড়ের ঢাল বেয়ে নয় বরং নিচের সমতল থেকে পাহাড়ের দিকে অর্থাৎ উপরের দিকে বয়ে চলেছে জলের ধারা। তাই তো নাম উল্টা পানী।
স্থানীয় খাবার
মৈনপাট (Mainpat) তিব্বতি এবং ছত্তীসগঢ়ি খাবারের এক বিরল সংমিশ্রণের সাক্ষী রাখে। মোমোস, থুকপা এবং মাখন চা সহ ঐতিহ্যবাহী তিব্বতি খাবারগুলি চেখে দেখতে ভুলবেন না। রিসর্ট এবং হোমস্টে গুলিতে ভাত, ডাল এবং বিভিন্ন শাকসবজি সহ আধুনিক ছত্তীসগঢ়ি খাবার পরিবেশন করা হয়।
ভ্রমণকারীদের জন্য পরামর্শ (Tips for tourists)
ভ্রমণের সেরা সময়: মৈনপাট (Mainpat) ভ্রমণের আদর্শ সময় অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। এই সময় আবহাওয়া অনুকূল থাকে এবং দর্শনীয় স্থানগুলির ঘুরে দেখার জন্য আদর্শ।
স্থানীয় পরিবহন: মৈনপাট (Mainpat) ঘোরার জন্য স্থানীয় ট্যাক্সি ভাড়া করা সুবিধাজনক। অগ্রিম ভাড়া নির্ধারণ করে নিতে পারেন।
স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা: মৈনপাট (Mainpat) তিব্বতি জনগোষ্ঠীর ব্যাপক উপস্থিতি রয়েছে। তাদের রীতিনীতির প্রতি শ্রদ্ধা দেখান এবং মানুষ বা ধর্মীয় স্থানের ছবি তোলার আগে অনুমতি নিন।
যোগাযোগের বিকল্প ব্যবস্থা রাখুন: কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্কের সংযোগ ক্ষীণ হতে পারে। তাই সব জায়গায় সহজ লভ্য এমন কোম্পানির সিম ব্যাবহার করতে পারেন।
শান্ত ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ মৈনপাট (Mainpat) নির্ভেজাল ছুটি কাটানোর সেরা গন্তব্য। অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য, প্রাণবন্ত তিব্বতি সংস্কৃতি এবং আন্তরিক অতিথিপরায়ণতা নিয়ে মৈনপাট (Mainpat) একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা দেবে। তাই আপনার ব্যাগ প্যাক করুন এবং কলকাতা থেকে ‘ছত্তীসগড়ের শিমলা’ মৈনপাট (Mainpat) –এ একবার ঘুরে আসুন।