আন্তর্জাতিক ডেস্ক: পরিচয় লুকিয়েও শেষরক্ষা হলো না। দক্ষিণ কোরিয়ার পুলিশের হাতে গ্রেফতার হলো জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য এক পাকিস্তানি নাগরিক। দক্ষিণ কোরিয়ায় এই প্রথম কোনও লস্কর জঙ্গিকে গ্রেফতার করা হলো। ধৃতকে জেরা করে লস্করের গোপন কার্যকলাপ নিয়ে আরও কোনও তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন দেশটির গোয়েন্দারা।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ‘কোরিয়ান হেরাল্ড’ জানিয়েছে, ‘রাজধানী সিওলের ইটাউইন জেলার একটি বাজারে করণিকের পদে কর্মরত ছিলেন ধৃত পাকিস্তানি জঙ্গি। বছর চল্লিশের ওই ব্যাক্তি ২০২০ সালে রাষ্ট্রপুঞ্জের ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত হন। জঙ্গি সংগঠনটির অস্ত্র প্রশিক্ষণ শিবিরেও অংশ নিয়েছিলেন। কিভাবে সংগঠনের প্রসার ঘটাতে হবে সে বিষয়েও বিশেষ প্রশিক্ষণ পেয়েছিলেন। ২০২৩ সালে পরিচয় লুকিয়ে এক পাকিস্তানি ব্যবসায়ীর সংস্থার কর্মী হিসাবে সিওলে ডেরা বাঁধেন। গত দু’বছর ধরে ওই সংস্থার হয়েই কাজ করছিলেন।’
দক্ষিণ কোরিয়ায় এই প্রথম রাষ্ট্রপুঞ্জ ঘোষিত কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অপরাধে কাউকে গ্রেফতার করা হলো। উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার নেপথ্যে ছিল লস্কর ই তৈয়বা। তার আগেই বিভিন্ন দেশে বিশেষ করে ভারতে নাশকতামূলক কাজকর্মে জড়িত থাকার অপরাধে এবং আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে ২০০৫ সালেই লস্কর ই তৈয়বাকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছিল রাষ্ট্রপুঞ্জ।