আন্তর্জাতিক ডেস্ক :- পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় এক তল্লাশিচৌকিতে সশস্ত্র জঙ্গিদের হামলা হয়। শুক্রবার রাতে এই হামলার জেরে ১৬ জন সেনার মৃত্যু হয়েছে এবং পাঁচজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন এক গোয়েন্দা কর্তা।
সূত্রের খবর, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকিন এলাকার একটি সেনা তল্লাশিচৌকিতে ওই হামলায় ৩০ জনের বেশি অংশ নেন। আফগান সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে পাকিস্তানের অভ্যন্তরে এ হামলা চলে।
এক গোয়েন্দা কর্তা জানিয়েছেন, হামলা চালিয়ে সশস্ত্র ব্যক্তিরা তল্লাশিচৌকিতে থাকা তারবিহীন যোগাযোগের যন্ত্র, বিভিন্ন নথিপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেন। পরে পালিয়ে যান তারা। ওই গোয়েন্দা কর্তার আরও দাবি, পাকিস্তানি তালেবান এই হামলা চালিয়েছে। পাকিস্তানি তালেবানের শীর্ষস্থানীয় কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে এই হামলা বলে অনুমান।