নিজস্ব প্রতিনিধিঃ ভূমিধসের বিধস্ত কেরলের ওয়েনাড। হু হু করে বেড়ে চলছে নিহতের সংখ্যা। এই আবহে রবিবার অভিনেতা আল্লু অর্জুনের পর ভূমিধসে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন চিরঞ্জীবী এবং তাঁর পুত্র রাম চরণ। এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে চিরঞ্জীবী প্রথমেই ভূমিধসের ঘটনায় শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য এক কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন।
অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রীর তহবিলে ২৫ লাখ টাকা দিয়ে আর্থিক সাহায্য করেছেন অভিনেতা আল্লু অর্জুন। এছাড়াও ওয়েনাডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন, অভিনেতা সুরিয়া এবং বিক্রম, মামুট্টি, দুলকার সালমান, ফাহাদ ফাসিল, নাজরিয়া, নয়নতারা এবং চলচ্চিত্র নির্মাতা ভিগনেশ শিবান । এনারা মুখ্যমন্ত্রীর তহবিলে লক্ষ লক্ষ টাকা দিয়ে সহায়তা করেছেন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই ( মঙ্গলবার ) ভোর ৩টে নাগাদ ওয়েনাড়ের পার্বত্য এলাকায় প্রথম ধস নামার খবর সামনে আসে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। জানা গিয়েছে, বর্তমানে উদ্ধারকাজের জন্য বায়ুসেনার হেলিকপ্টারকেও মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয় ভূমিধসগ্রস্ত এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জোর কদমে চলছে উদ্ধারকাজ। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৮। এখনও বহু মানুষ নিখোঁজ।