নিজস্ব প্রতিনিধি, মুম্বই: স্বস্তি টিকল না। গতকাল মঙ্গলবার শেয়ারবাজার তেজি হলেও বুধবার সকালে ফের নিম্নমুখী সেনসেক্স। সকালে আগের দিনের চেয়ে ১২৪ সূচক কম নিয়ে লেনদেন শুরু হলেও গোঁত্তা খেয়ে নিচচের দিকে নামা শুরু করেছে। সকাল ১০টায় প্রায় ২৭৫ সূচক কমেছে। ফলে লগ্নিকারীদের কপালে দুঃশ্চিন্তার ভাঁজ গাঢ় হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হওয়ার দোলাচলে সোমবার ভয়াবহ পতনের সাক্ষী ছিল ভারতীয় শেয়ারবাজার। সপ্তাহের প্রথম দিনে পতনের ধাক্কায় ক্ষতবিক্ষত হয়েছিল বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই), ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। বাজার খোলার মুহূর্তে ভারতীয় শেয়ার বাজার ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সকালে লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেনসেক্স ৩,৯৩৯.৬৮ পয়েন্ট কমে ৭১,৪২৫.০১ দাঁড়ায়। এই সময়ের মধ্যে নিফটিও ১,১৬০.৮ পয়েন্ট কমে ২১,৭৪৩.৬৫ এ পৌঁছোয়। বিএসইতে তালিকাভুক্ত সমস্ত সংস্থার বাজার মূলধন ২০.১৬ লক্ষ কোটি টাকা কমে ৩৮৩.৯৫ লক্ষ কোটি টাকায় দাঁড়ায়। দেশের অন্যতম বৃহৎ সংস্থা টাটা স্টিলের শেয়ারের দর এক ধাক্কায় ১০ শতাংশ কমে যায়। একই হাল জিন্দাল, নালকো, আদানি এন্টারপ্রাইজ়েস, সেল, হিন্দুস্তান কপারের মতো সংস্থাগুলির। তামা, দস্তা এবং অন্যান্য শিল্প ধাতুর চাহিদা তীব্র হ্রাসের আশঙ্কাও তৈরি হয়েছে বিশ্বজুড়ে। তবে রক্তক্ষরণ শেষে বাজার বন্ধের সময় সেনসেক্সের সূচক নেমে দাঁড়িয়েছে ৭৩১৩৭.৯০ পয়েন্টে। ২২২৬.৭৯ পয়েন্ট পড়েছে সেনসেক্স। শতাংশের হিসাবে যা ২.৯৬। একই দশা নিফটিরও। ৭৪২.৮৫ শতাংশ পড়ার পর নিফটি দাঁড়ায় ২২১৬১.৬০। ৩.২৪ শতাংশ পতন হয়েছে নিফটিতে।
গতকাল মঙ্গলবার সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছিল শেয়ারবাজার। ইউ টার্ন নিয়ে ঊর্ধ্বমুখী হয়েছিল সেনসেক্স ও নিফটি। বুধবারও সেই ধারা বজায় থাকে কিনা, তার দিকেই নজর ছিল লগ্নিকারীদের। দুরুদুরু বুকেই বাজার খোলার জন্য অপেক্ষায় ছিলেন। তবে অস্বস্তি বাড়িয়ে আগের দিনের চেয়ে ১২৪ সূচক কম নিয়ে ৭৪ হাজার ১০৩ দশমিক ৮৩ পয়েন্ট লেনদেন শুরু করে সেনসেক্স। কিন্তু কিছুক্ষণের মধ্যে গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে শুরু করে। ফের উপরের দিকে উঠতে শুরু করলেও পতনের ধাক্কা সামলাতে পারেনি।