নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মঙ্গলেই অমঙ্গল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই রক্তাক্ত দালাল স্ট্রিট। মঙ্গলবার (২১ জানুয়ারি) একদিনেই ১,২৩৫ সূচক খোয়াল সেনসেক্স। আর নিফটি খুঁইয়েছে ২৯৯ পয়েন্ট। মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে শুরু করে অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো মুখ থুবড়ে পড়েছে। একদিনেই লগ্নিকারীদের পকেট থেকে গায়েব হয়েছে ৭ লক্ষ কোটি টাকা।
অথচ এদিন বাজার খোলার সময়ে কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি খানিকক্ষণের মধ্যেই রক্তাক্ত হবে শেয়ারবাজার। আগের দিন অর্থাৎ সোমবার (২০ জানুয়ারি) ৭৭,০৭৩.৪৪ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে ৭৭ হাজার ২৬১.৭২ সূচক নিয়ে সবুজ জোনে থেকেই শুরু হয়েছিল লেনদেন। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ থাকেনি। গোঁত্তা খেয়ে হুড়মুড়িয়ে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। মূলত নিফটির ব্যাঙ্কিং ক্ষেত্রে ব্যাপক রক্তক্ষরণ শুরু হয়। মাঝে ধাক্কা সামলে খানিকটা ঘুরে দাঁড়ানোয় আশার আলো দেখছিলেন লগ্নিকারীরা। কিন্তু দুপুরে ফের ইউ টার্ন নিয়ে নিচের দিকে নামতে শুরু করে সেনসেক্স ও নিফটি।
শেষ পর্যন্ত ১,২৩৫.০৮ সূচক খুঁইয়ে ৭৫,৮৩৮.৩৬ সূচক নিয়ে বন্ধ হয় সেনসেক্স। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭৭,৩৩৭ দশমিক ৩৬ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭৫ হাজার ৬৪১ দশমিক ৮৭ পয়েন্ট। নিফটি একদিনে কমেছে ২৯৯ দশমিক ৪৫ সূচক বা ১.৩৭ শতাংশ। রক্তক্ষরণের আঘাত এড়িয়ে কোনও ক্রমে ২৩ হাজারের উপরে টিকে যেতে পেরেছে। এদিন অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্কের শেয়ারমূল্য এক ধাক্কায় অনেকটাই কমেছে।