নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আশঙ্কাই সত্যি হল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর বোমায় শুক্রবার সকালেই ধস নামল শেযারবাজারে। বাজার খোলার সঙ্গে সঙ্গেই ৮৩২ সূচক খোয়াল সেনসেক্স। এক ধাক্কায় ২৩ হাজারের নিচে নেমে গেল নিফটি। জোর ধাক্কা খেয়েছে ওএনজিসি ও টাটা স্টিল। দুই সংস্থার শেয়ারদর যথাক্রমে ৫ ও ৪ শতাংশ কমেছে। শুরুতেই বড় সড় ধস নামায় মাথায় হাত পড়েছে লগ্নিকারীদের।
গত বুধবারই বিভিন্ন দেশের পণ্যের উপরে শুল্ক চাপানোর ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতীয় পণ্যের উপরে ২৭ শতাংশ কর চাপানোর ঘোষণা করেন। মার্কিন প্রেসিডেন্টের ওই দাদাগিরির বিরুদ্ধে গর্জে উঠেছে কানাডা-সহ ইউরোপের একাধিক দেশ। বদলা নিতে মার্কিন পণ্যের উপরে পাল্টা শুল্ক আরোপ করেছে। আর তার জেরেই বিরাট ধস নেমেছে মার্কিন শেয়ারবাজারে। এক ধাক্কায় ৬ শতাংশ পুঁজি খুঁইয়েছে ন্যাসডাক। পাশাপাশি ডাউ জোনস ইনডেক্স ১৬০০ পয়েন্ট হারিয়েছে।
মার্কিন-সহ বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারে ধসের প্রভাব পড়েছে দালাল স্ট্রিটেও। গতকাল বৃহস্পতিবার ৭৬,২৯৫.৩৬ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে ৭৬ হাজার খানিকটা ১৬০ দশমিক ০৯ সূচক নিয়ে বাজার খুলেছিল। আর বাজার খোলার সঙ্গেই হু-হু করে নিচের দিকে নামতে শুরু করে সেনসেক্স ও নিফটি। আর সেনসেক্সের ওই পতনে লগ্নিকারীরা আতঙ্কিত হয়ে পড়েন। এক সময়ে ৮৩২ দশমিক ৮২ সূচক খুঁইয়ে ৭৫,৪৬২ দশমিক ৫৪ শতাংশে দাঁড়ায় সেনসেক্স। ৩১৬ দশমিক ৩০ পয়েন্ট খুঁইয়ে ২৩ হাজারের নিচে চলে যায় নিফটি। শেয়ারবাজারের এমন অস্থিরতায় লগ্নিকারীদের নতুন করে কোনও সংস্থায় বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।