নিজস্ব প্রতিনিধি, পুনে: এক চিকিৎসকের আত্মহননের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুনেতে। পুনের একটি বেসরকারি ক্লিনিকে ২৮ বছর বয়সী ওই চিকিৎসক মৃত্যুর আগে রেখে গিয়েছেন সুইসাইড নোট। মৃতের নাম শ্যামপঙ্কজ ভোরা। সুইসাইড নোটে তিনি অন্যান্য সিনিয়র চিকিৎসকদের দ্বারা দেওয়া মানসিক চাপ এবং হয়রানির কথা উল্লেখ করেছেন। শ্যামপঙ্কজ ভোরা গুজরাতের ভাবনগরের বাসিন্দা ছিলেন। ২০২৩ সাল থেকে রেডিওলজি বিভাগে প্রশিক্ষণ নিচ্ছিলেন। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে, শুরু হয়েছে তদন্ত। রেডিওলজি বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্টকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সুইসাইড নোটে ওই চিকিৎসক লিখেছেন, “আমি বীতশ্রদ্ধ, কাউকে বলতে পারছি না। থ্যাঙ্ক ইউ পিএম স্যার ফল অল।” এছাড়াও সুইসাইড নোটে শ্যামপঙ্কজ ভোরা নিজের ফোনটি পরিবারের কাছে হস্তান্তর করার কথা লিখে গিয়েছেন। রেখে গিয়েছেন UPI পিনও।
ছেলের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন শ্যামপঙ্কজ ভোরার বাবা পঙ্কজ ভোরা। তিনি বিশ্বাসই করতে পারছেন না ছেলে এমন পদক্ষেপ করতে পারেন। তিনি চিকিৎসক পুত্রের মৃত্যু প্রসঙ্গে জানিয়েছেন, শ্যামপঙ্কজ দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে ছিলেরন। দীর্ঘ কর্মপরিকল্পনা এবং বিভাগীয় প্রধানের আচরণ তাকে তিতিবিরক্ত করত। বাবা বলেন, তিনি প্রায় ৪০ বার বিভাগীয় প্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনও সাড়া পাননি।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর পুনে পুলিশ তদন্ত শুরু করেছে। রেডিওলজি বিভাগের প্রধান প্রণব মহাদেবকরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন যে আত্মহত্যার মামলা দায়ের করা হয়েছে। তদন্ত নির্দিষ্ট গতিতে চলছে। মৃত চিকিৎসকের বাবা-মা শেষকৃত্যের জন্য গুজরাতে এসেছেন।