নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটার তালিকায় কারচুপি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাহুল গান্ধির বাক-যুদ্ধ তুঙ্গে পৌঁছল। গত কয়েকদিন ধরেই ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের ‘জালিয়াতি’র নমুনা প্রকাশ করে চলেছেন লোকসভার বিরোধী দলনেতা। আর তাতেই চিড়বিড়ানি শুরু হয়েছে ‘বিশ্বাসযোগ্যহীন’ নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের। তাই পাল্টা রাহুলকে মিথ্যাবাদী প্রমাণ করতে আসরে নেমেছে জ্ঞানেশ কুমার অ্যান্ড গ্যাং।
শুক্রবার (৮ অগস্ট) সমাজমাধ্যমে এক পোস্টে রাহুলের অভিযোগ খণ্ডন করে কমিশনের তরফে লেখা হয়েছে, ‘ভোটার তালিকা নিয়ে রাহুলের তোলা অভিযোগ পুরনো চিত্রনাট্য। এ যেন ঠিক পুরনো বোতলে নতুন মদ’। কমিশনের তরফে আরও লেখা হয়েছে, ‘২০১৮ সালে মধ্যপ্রদেশের তৎকালীন প্রদেশ সভাপতি কমলনাথজি-ও এমন অভিযোগ তুলেছিলেন।ডিজিটাল ভোটার তালিকার আর্জি জানিয়ে তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু শীর্ষ আদালত তা খারিজ করে দিয়েছিল। ২০২৫ সালে এসে রাহুল গান্ধি উপলব্ধি করতে পেরেছেন তাঁর পুরনো খেলা আর শীর্ষ আদালতে চলবে না। তাই সংবাদমাধ্যমকে ব্যবহার করে কমিশনের বিরুদ্ধে লাগাতার অসত্য অভিযোগ করে চলেছেন।’
সাংবাদিক সম্মেলনে আদিত্য শ্রীবাস্তব নামে এক ভোটারের নাম তিন জায়গায় থাকার বিষয়টি উত্থাপন করেছিলেন রাহুল গান্ধি। ওই অভিযোগের জবাব দিতে গিয়ে নির্বাচন কমিশন বলেছে, ‘আদিত্য শ্রীবাস্তব নামে যে ভোটারের তিন রাজ্যে ভোটার কার্ড ছিল, সেই ভুল কয়েক মাস আগেই শুধরে নেওয়া হয়েছে।’ বার বার একই অভিযোগ তুলে রাহুল গান্ধি সুপ্রিম কোর্টের অবমাননা করছেন বলেও টিপ্পনি ছুড়েছে কমিশন।