নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি খুনের হুমকি পেয়েছিলেন অভিনেতা সলমন খান। সেই নিয়ে জোরদার তদন্তও চালাচ্ছে পুলিশ। এবার সেই আবহে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি। বার্তা পেয়েই আদাজল খেয়ে তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইনে বার্তাটি আসে। এরপরই তৎপর হয়ে ওঠে মুম্বই পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে , ওই বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের উল্লেখ রয়েছে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে নরেন্দ্র মোদীকে হত্যার পরিকল্পনার কথা বলা হয়েছে। এই হুমকির বার্তা পাওয়ার পরে মুম্বইয়ের থানায় এফআইআর দায়ের করা হয়। যদিও পুলিশ এই নিয়ে বিশদে কিছু জানায়নি। তদন্তকারীরা প্রাথমিক ভাবে মনে করছেন, অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে কিংবা তিনি মদ্যপ অবস্থায় এই মেসেজ করতে পারেন। যদিও এই নিয়ে তদন্ত করেছে পুলিশ।
প্রসঙ্গত , এর আগে বহু বার হুমকি দিয়ে ভুয়ো বার্তা এসেছে মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে। দিন দশেক আগে সলমন খানকে খুনের হুমকি দিয়ে তাদের হেল্পলাইন নম্বরে মেসেজ পাঠানো হয়েছিল। গত মাসের শেষে প্রধানমন্ত্রীকেই খুনের পরিকল্পনা করা হয়েছে বলে হুমকি ফোন গিয়েছিল মুম্বই পুলিশের কাছে। এই ঘটনায় ৩৪ বছরের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ জানিয়েছিল, তিনি মানসিক ভাবে অসুস্থ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এল প্রধানমন্ত্রীকে খুনের হুমকি।