নিজস্ব প্রতিনিধি: কপিল শর্মার পর এবার বলিউড পরিচালকদের সলমানের সঙ্গে কাজ না করার হুমকি দিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং-ব্যাং। খালিস্তানি জঙ্গিদের লাগাতার হুমকির মুখে কৌতুক অভিনেতা কপিল শর্মা। কানাডায় তাঁর ক্যাফে-তে ফের হামলা চালিয়েছে খালিস্তানি জঙ্গিরা। যা একমাসে দুই বার খালিস্তানি জঙ্গিদের দ্বারা আক্রমণ। এ ঘটনায় রীতিমতো কেঁপে উঠেছেন কপিল শর্মা। কেননা মাত্র ২ মাস বয়স হয়েছে কপিলের কানাডার ক্যাফেটির। বৃহস্পতিবার (৭ অগস্ট) কপিলের ক্যাফে-তে হামলা চালানোর দায়ভার স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তার দলবল। পাশাপাশি কারণ হিসেবে তাঁরা জানিয়েছেন, সুপারস্টার সলমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই তাঁরা কপিল শর্মাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে হামলার কারণ হিসেবে খালিস্তানি জঙ্গিরা জানিয়েছিলেন, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল’ শোতে খালিস্তানিদের নিয়ে খারাপ মন্তব্যের জন্যেই কপিলের ক্যাফে-তে গুলি চালানো হয়েছিল। তাঁদের একটাই উদ্দেশ্য ছিল, কপিলকে ভয় দেখানো।
এদিকে কৃষ্ণসার হত্যার অভিযোগে অনেক দিন ধরেই সলমান খানকে টার্গেট করছেন লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। একাধিকবার তাঁকে হত্যা হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে হামলা চালানো হয়েছে। এমনকী বিষ্ণোই গ্যাং সলমানের ঘনিষ্ঠদের উপরেও হামলা চালানোর হুমকি দিয়েছে। গতবছর সলমানের ঘনিষ্ঠ হওয়ার কারণে বাবা সিদ্দিকীকে হত্যা, একটি উদাহরণ। ৮ জুলাই কানাডায় কপিল শর্মার ক্যাফেতে হামলার চালানোর ঘটনা আরও একটি উদাহরণ।জানা গিয়েছে, একটি ফাঁস হওয়া অডিও ক্লিপে, বিষ্ণোই গ্যাং সদস্য হ্যারি বক্সার স্বীকার করেছেন যে, “কপিল শর্মার রেস্তোরাঁয় প্রথম এবং এখন দ্বিতীয়বার গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। কারণ তিনি নেটফ্লিক্সের একটি শোতে উদ্বোধনী অনুষ্ঠানে সলমান খানকে আমন্ত্রণ জানিয়ে ছিলেন।” পাশাপাশি তিনি বলিউডের সমস্ত চলচ্চিত্র নির্মাতাদেরকেও সলমান খানের সঙ্গে কাজ করার বিরুদ্ধে সতর্ক করেছেন।
তিনি বলেছেন, “যদি কেউ সলমানের সঙ্গে কাজ করে, সে ছোট অভিনেতা হোক বা ছোট পরিচালক, আমরা কাউকেই রেহাই দেব না। আমরা সবাইকে হত্যা করব। তাদেরকে হত্যার জন্য আমরা যেকোনও পর্যায়ে যেতে পারি।” জানিয়ে রাখি, সলমান ছিলেন নেটফ্লিক্সে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর দ্বিতীয় সিজনের প্রথম অতিথি, যা ২১ জুন প্রিমিয়ার হয়েছিল। ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে অভিনেতার বিরোধ চলছে, যেখানে সালমানকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। ৮ জুলাই কপিল শর্মার কানাডার ক্যাফেতে প্রথম হামলা চালানো হয়েছিল, যখন অজ্ঞাত হামলাকারীর রেস্তোরাঁয় কয়েক রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এরপর প্রাথমিক পুলিশ তদন্তের পর ক্যাফেটি পুনরায় খোলা হয়। পুনরায় ব্যবসা শুরু হয়, কিন্তু ৭ অগস্ট, বৃহস্পতি বার আবারও আক্রমণ করা হয়। রিপোর্ট অনুসারে, রেস্তোরাঁর জানালায় কমপক্ষে অর্ধডজন গুলি চালানো হয়েছে। অনলাইনে একটি ভিডিও অনুযায়ী, একজন সশস্ত্র হামলাকারীকে রেস্তোরাঁর বাইরে একাধিক রাউন্ড গুলি চালাতে দেখা গিয়েছিল। পাশাপাশি বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে কাজ করা গোল্ডি ধিলনের একটি কথিত বার্তাও ভাইরাল হয়েছিল। তবে দ্বিতীয় আক্রমণ এবং হুমকির খবরে কপিল এখনও প্রতিক্রিয়া জানাননি।