নিজস্ব প্রতিনিধি, উত্তর প্রদেশ: পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভিসা বাতিলের কারণে বহু পাকিস্তানি সফর সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছেন। গত ছয় দিনে ১,০০০ জনেরও বেশি ভারতীয় ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তান ছেড়েছেন। একইভাবে সোমবার পর্যন্ত ৮০০ জনেরও বেশি পাকিস্তানি দেশে ফিরে গিয়েছেন।
ভারতের প্রতিটি রাজ্য থেকে খুঁজে খুঁজে দেশে ফেরত পাঠানো হচ্ছে পাকিস্তানিদের। উত্তর প্রদেশ সরকারও তার কাজ প্রায় সমাপ্ত করে এনেছে। তবে যোগীরাজ্যের ‘শেষ’ পাকিস্তানি নাগরিককে ফেরত পাঠানো এখনও বাকি। এদিকে ৩০ এপ্রিল পর্যন্তই সময়সীমা। তাই একদিন বাকি থাকতেই মঙ্গলবার ইসলামাবাদের বাসিন্দা মরিয়ম কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন। তাঁর আবেদন ভারতীয় স্বামীর সঙ্গে এদেশেই তাঁকে থাকতে দেওয়া হোক। এই আর্জি মঞ্জুর করা হোক।
এখনও স্পষ্ট নয় যে স্বল্পমেয়াদী ভিসাধারী মরিয়মই কি উত্তর প্রদেশে শেষ পাকিস্তানি যাকে পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর কেন্দ্রের নির্দেশে বহিষ্কৃত করা হয়েছে। মরিয়মের আবেদন এমন এক সময়ে এসেছে যখন উত্তর প্রদেশ একটি সরকারি বিবৃতি অনুসারে ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১০০ শতাংশ পাকিস্তানি নাগরিককে দেশে ফিরিয়ে আনার প্রথম রাজ্য হয়ে উঠেছে। আর মাত্র একজনকে ফেরত পাঠানো বাকি রয়েছে। রাজ্য সরকার কতজন পাকিস্তানি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে তার সঠিক সংখ্যা বা তাদের ভিসার বিবরণ (স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী) উল্লেখ করেনি।
তিন বছর আগে বুলন্দশহর জেলার খুর্জার বাসিন্দা আমিরের সঙ্গে বিয়ে হয়েছিল মরিয়মের। দুই মাস আগে স্বল্পমেয়াদী ভিসা পাওয়ার পর থেকে খুর্জায় বসবাস করছেন ওই পাকিস্তানি মহিলা। মরিয়মের কথায়, “আমি ইসলামাবাদ থেকে এসেছি, কিন্তু এখানেই আমার বিয়ে হয়েছে। আমার দেশ ছেড়ে এই দেশে আমি এসেছি। এখন এটাই আমার দেশ। আমি ফিরে যেতে চাই না।”
তিনি আরও বলেন যে, আসার পরপরই তিনি দেশে থাকার জন্য দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করেছিলেন। মরিয়মের আর্জি, “আমার স্বামী যেখানে থাকেন, সেটাই আমার বাড়ি। আমি তাঁর সঙ্গে এখানেই থাকতে চাই।” পাকিস্তানি মরিয়ম ২২শে এপ্রিলের পহেলগাঁও সন্ত্রাসী হামলায় দুঃখ প্রকাশ করে বলেছেন, “পহেলগাঁওয়ে যা ঘটেছিল তাতে আমি গভীরভাবে মর্মাহত। এই ঘটনার জন্য দায়ীদের শাস্তি দেওয়া উচিত।”
এই প্রসঙ্গে পুলিশ সুপার (গ্রামীণ) তেজবীর সিং বলেন, “মরিয়ম একটি আবেদন জমা দিয়েছেন। উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের নির্দেশের পর বুলন্দশহরে স্বল্পমেয়াদী ভিসায় থাকা চার পাকিস্তানি মহিলাকে ইতিমধ্যেই দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই জেলার একমাত্র অবশিষ্ট পাকিস্তানি নাগরিক মরিয়ম।