নিজস্ব প্রতিনিধিঃ গোটা কর্ণাটক জুড়ে এখন ডেঙ্গুর আতঙ্ক। হাজার হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে কর্ণাটক সরকার মঙ্গলবার ডেঙ্গুকে মহামারি বলে ঘোষণা করে দিয়েছে। শুধু তাই নয় মহামারী রোগ বিধিমালা ২০২০ সংশোধনের বিধান দেওয়া হয়েছে।
এদিন ডেঙ্গু প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ‘ চলতি বছর এখনও পর্যন্ত ৭,৩৬২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১২ জনের। ডেঙ্গু আক্রান্তদের জন্য প্রতিটি হাসপাতালে একটি ওয়ার্ডে ১০ বেড তৈরি করা হয়েছে। ‘ অন্যদিকে রাজ্যে এই মুহূর্তে সক্রিয় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১,৩৫৮ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে এক বছরের কম বয়সী পাঁচজন শিশু এবং এক থেকে ১৮ বছর বয়সী ১০০ জন শিশু রয়েছে।
অন্যদিকে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও বলেছেন, ‘সরকার পরিস্থিতির উপর নজর রাখছে। শুধু তাই নয় সমস্ত বিভাগকে দ্রুত এই পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ দিয়েছে।‘ ইতিমধ্যেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনগণকে সতর্ক থাকতে এবং মশার প্রতিরোধক ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে সবথেকে বেশি ডেঙ্গু বেড়েছে চিক্কামাগালুরু, মাইসুরু, হাভেরি, ধারওয়াড় এবং চিত্রদুর্গা জেলায় ।