নিজস্ব প্রতিনিধিঃ তৃতীয় মোদি সরকারের প্রথম পুর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমণ। আর তা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। কারণ, মোদি সরকারের এই কেন্দ্রীয় বাজেট বৈষম্য এবং বঞ্চনার। এই প্রতিবাদে বুধবার সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখান শুরু করেছেন ইন্ডিয়া জোটের সদস্যরা।
এদিন কেন্দ্রীয় বাজেটের বিরোধীতা করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘বাজেটের মাধ্যমে অনেকেই ন্যায়বিচার পাননি । আমরা ন্যায়বিচারের জন্য লড়াই করছি। প্রতিবাদ আমরা চালিয়ে যাব।‘ অন্যদিকে বাজেট নিয়ে এদিন ফের সরব হয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। বলেন, ‘আমরা সবাই দাবি করছিলাম, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হোক । কিন্তু বাজেটে তা দেওয়া হয়নি। মূল্যস্ফীতির বিষয়ে সরকার কোনো দৃঢ় পদক্ষেপ নিতে পারেনি। উত্তরপ্রদেশ কিছুই পায়নি। কেন্দ্রীয় বাজেট সাধারণ মানুষকে ক্ষুব্ধ করেছে। তাই আমরা প্রতিবাদে নেমেছি।‘ অন্যদিকে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, “অধিকাংশ রাজ্যেই বাজেট খুব কম।‘
উল্লেখ্য, মঙ্গলবার বাজেট পেশ হতেই বিরোধীরা দাবি করে সাধারণ মানুষের জন্য নয়, সরকার বাঁচাতেই পেশ করা হয়েছে । কারণ, বাজেটে বিহার এবং অন্ধপ্রদেশের জন্য মোট ৪১ হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নীতীশ কুমারের বিহারের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয় অন্ধ্রপ্রদেশের জন্য অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ। এখান থেকেই স্পষ্ট যে মোদি সরকার নিজেদের কুর্সি বাঁচাতেই কেন্দ্রীয় বাজেট পেশ করেছে। আর তা নিয়ে বুধবার বিক্ষোভ দেখান শুরু করে ইন্ডিয়া জোটের শরিকরা।