নিজস্ব প্রতিনিধিঃ তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মঙ্গলবার বাজেটের শুরুতেই শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য বিশেষ ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এবারের বাজেটে পেশের শুরুতেই নির্মলা বলেন,’শিক্ষা এবং কর্মসংস্থানের জন্য ১.৪৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর প্যাকেজের অঙ্গ হিসাবে এটি যুক্ত করা হয়েছে। কারণ, আমাদের মূল লক্ষ্য হল শিক্ষা ও কর্মসংস্থান। ‘
শুধু তাই নয় উচ্চশিক্ষার জন্য পড়ুয়াদের বিশেষ ঋণের ঘোষণা করলেন অর্থমন্ত্রী । তিনি বলেন,’ সরকার দেশীয় প্রতিষ্ঠানগুলিতে উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত পড়ুয়াদের ঋণ দেওয়া হবে। আর এই ঋণের জন্য প্রতি বছর ১ লক্ষ পড়ুয়ারা ই-ভাউচার পাবেন।‘ শুধু তাই নয় বিভিন্ন ক্ষেত্রের চাকরিতে আগামী পাঁচ বছরে ১ কোটি যুবক-যুবতী ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
এছাড়াও এদিন নির্মলা কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির জন্য পাঁচটি প্রকল্পের প্রধানমন্ত্রী প্যাকেজ ঘোষণা করেছেন। শিক্ষা, কর্মসংস্থানের জন্য ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে মোদি সরকার। এরফলে উপকৃত হতে চলেছে হাজার হাজার পড়ুয়ারা। প্রসঙ্গত, ২০২৩ সালে মোদি সরকারের কেন্দ্রীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ ছিল ১,১২,৮৯৮.৯৭ কোটি টাকা। তা বেড়ে ২০২৪-২৫ এর অন্তর্বতী বাজেটের হয়েছিল ১,২০,৬২৭ কোটি টাকা।