নিজস্ব প্রতিনিধিঃ তৃতীয়বার ক্ষমতায় আসার পর মঙ্গলবার ছিল প্রথম বাজেট পেশ। আর এদিনের বাজেটেই এবার বরাদ্দ বাড়ল ইষ্ট- ওয়েস্ট মেট্রোর। তবে বাংলার জন্য কী অর্থ বেড়েছে? এই নিয়ে উঠছিল প্রশ্ন। এরমধ্যেই সামনে এল এক তথ্য। জানা গিয়েছে, কলকাতার ইষ্ট ওয়েস্ট মেট্রোর জন্য ৯০৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা আগে ছিল ৬০০ কোটি। এফলে বেশ অনেকটাই উপকৃত হল ইষ্ট- ওয়েস্ট মেট্রো।
অন্যদিকে দমদম এয়ারপোর্ট-নিউগড়িয়া ভায়া রাজারহাটে মেট্রো নির্মাণের জন্য ৪১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। ২০২৩ সালে বাজেটে যা ছিল ১৭৫০ কোটি টাকা। আর তা এবার বেড়ে হল ১৭৯১.৩৯ টাকা। এছাড়াও জোকা-বিবাদী বাগ মেট্রোর বরাদ্দ বৃদ্ধি হয়েছে। এবার তা হয়েছে ৪০০ কোটি টাকা।
উল্লেখ্য, ইষ্ট-ওয়েস্ট মেট্রো গোটা দেশের কাছে নজির গড়েছে। সেইজন্য হাওড়ায় গঙ্গার নিচ দিয়ে মেট্রোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইজন্য বাজেটে ইষ্ট- ওয়েস্ট মেট্রোর জন্য আর্থিক বরাদ্দ বাড়াল কেন্দ্রীয় সরকার। তবে চলতি অর্থবর্ষে বাংলার জন্য নতুন ট্রেন বা মেট্রো মিলবে কিনা তা এদিনের বাজেটে অস্পষ্ট। আর তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা।