নিজস্ব প্রতিনিধিঃ তৃতীয়বার মোদি সরকারের প্রথম বাজেট পেশ হতেই সরব হয়েছে বিরোধীরা। কারণ, গোটা দেশের জন্য নয় এদিন শুধুমাত্র বিহার আর অন্ধ্রপ্রদেশের জন্য বাজেট পেশ করেছে মোদি সরকার। এই নিয়ে এবার এক্স হ্যান্ডেলে সরব হলেন বিরোধী দলনেতা অর্থাৎ কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি এটিকে ‘ কুর্সি বাঁচাও’ বাজেট বলে উল্লেখ করেছেন। শুধু তাই নয় কংগ্রেসের ইস্তেহারের ভাবনা থেকে কপি পেস্ট করে এই বাজেট তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা।
এক্স হ্যান্ডেলে রাহুল লেখেন, ‘শরিকদের মন পেতে এই বাজেট তৈরি। আঞ্চলিক শরিকদের দল যে রাজ্য থেকে এসেছে তাদের দেওয়া হয়েছে একাধিক সুবিধা। আর অন্য রাজ্যগুলির জন্য কোন প্রতিশ্রুতি দেওয়া হয়নি। সাধারণ ভারতীয়দের জন্য কোনও সুবিধা দেওয়া হয়নি। ‘ পাশাপাশি রাহুল গান্ধি এটিকে ‘AA’ বাজেট বলে উল্লেখ করেছেন। এখান থেকেই স্পষ্ট যে বিরোধী দলনেতা ‘AA’ বলতে আম্বানি এবং আদানিকেই বোঝাতে চেয়েছেন।
উল্লেখ্য, এবারের বাজেটে বিহার এবং অন্ধপ্রদেশের জন্য মোট ৪১ হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নীতীশ কুমারের বিহারের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয় অন্ধ্রপ্রদেশের জন্য অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ। আর তাতে বেশ ক্ষুব্ধ বিরোধী শিবিরের একাংশ।