নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র কিছু সময়ের অপেক্ষা । এরপরেই তৃতীয়বার মোদি সরকার ক্ষমতায় আসার পর আজ প্রথমবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই নিয়ে অষ্টমবার তিনি বাজেট পেশ করতে চলেছেন । প্রতিবারের মত এবারও বাজেট পেশের আগে নজর কাড়ল নির্মলার শাড়ি । ১ ফেব্রুয়ারি বাজেট পেশের দিন তাঁকে দেখা গেল সাদা ও সোনালি পাড়ের মধুবনী সিল্কের শাড়িতে।
এদিনের শাড়িটি ২০২১ সালে ভারতের পদ্মশ্রী বিজয়ী বিহারের দুলারি দেবী উপহার দিয়েছিলেন নির্মলাকে। আর সেইসময় তিনি অনুরোধ করেন বাজেটের দিন এটি যেন পরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । আর এবার তাঁর দেওয়া সেই শাড়ি পরেই বাজেট পেশ করতে চলেছেন তিনি । বলা বাহুল্য, এই শাড়িতে প্রতিফলিত হয়েছে ভারতের সংস্কৃতি। যেখানে ফুলের মোটিফ দিয়ে প্রকৃতি ও পুরাণের নানা কাহিনি তুলে ধরা হয়। তবে এদিনের নির্মলার শাড়ি দেখেই রাজনৈতিক মহলের অনেকই মনে করছেন, চলতি বছর রয়েছে বিহারের নির্বাচন । তারআগেই সেখানকার শাড়িতেই বাজেট পেশ করে বিশেষ বার্তা দিতে চলেছেন নির্মলা সীতারমণ ।
উল্লেখ্য, স্বাধীন ভারতে নির্মলাই প্রথম অর্থমন্ত্রী যিনি সর্বাধিক বার পেশ করতে চলেছেন বাজেট। প্রতিবারই বাজেটে একটা বিশেষ নজর থাকে তাঁর শাড়ির দিকে। শেষবার বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী পরেছিলেন নীল রঙের তসরের শাড়ি । নীলের সঙ্গে মেশানো ছিল সাদা রঙ। তার উপরেই নকশি কাঁথার সেলাই। নীল শাড়ির উপরে সাদা সুতো দিয়ে লতা-পাতা তৈরি করা ছিল শাড়িতে। আর এবার নির্মলা পরলেন মধুবনী সিল্কের শাড়ি।