নিজস্ব প্রতিনিধিঃ যত দিন যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই তৃতীয় দফায় নরেন্দ্র মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে এআইয়ে বিনিয়োগ নিয়ে করা হল বিশেষ ঘোষণা। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘ শিক্ষা ক্ষেত্রে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের জন্য ৫০০ কোটির বিনিয়োগ করা হবে। দেশে তিনটি এআই এক্সেলেন্স সেন্টার তৈরি করা হবে । ‘
সেইসঙ্গে নির্মলার বাজেটে মেডিক্যাল কলেজের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে । অর্থমন্ত্রী জানিয়েছেন,’ ৫ বছরে মেডিক্যাল কলেজগুলিতে ১০ হাজার আসন বৃদ্ধির করা হবে । সেইসঙ্গে আইআইটিগুলির ক্ষমতাও বৃদ্ধি করা হবে। গত ১০ বছরে ২৩টি আইআইটির পড়ুয়া সংখ্যা ১০০ শতাংশ বাড়িয়ে ৬৫ হাজার থেকে ১ লক্ষ ৩৫ হাজার করা হয়েছে।’ পাশাপাশি নির্মলা বলেন, তিন বছরের মধ্যে সমস্ত জেলা হাসপাতালে ক্যানসার চিকিৎসা কেন্দ্র তৈরি করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার ।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে প্রযুক্তির উন্নতির পাশাপাশি আর্টিফিশায়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এই শব্দ দু’টির সঙ্গে আমরা সকলেই পরিচিত । গোটা বিশ্বেই এআইয়ের গুরুত্ব বাড়ছে লাফিয়ে। কারণ , কম সময়ে এবং প্রায় নিঁখুত ভাবে সব কাজ করতে সক্ষম এআই। তাই দিন দিন এআইয়ের চাহিদা তুঙ্গে । তাই বাজেটে শিক্ষাক্ষেত্রে এআই নিয়ে ৫০০ কোটি টাকা অর্থ বরাদ্দ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।