নিজস্ব প্রতিনিধিঃ মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ। হু হু করে বেড়ে চলেছে নিহতের সংখ্যা। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৩ জন। নিখোঁজ কমপক্ষে ৫০ জন। NDRF দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। শুক্রবার হিমাচল প্রদেশের কুলুতে মেঘভাঙা বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন সাত জন। জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু আজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন ।
মেঘভাঙা বৃষ্টির ফলে অনেকে নিখোঁজ থাকায় ড্রোন ব্যবহার করে চলছে উদ্ধারকাজ। অন্যদিকে ভূমিধসের কারণে বেশ কয়েকটি রাজ্য ও জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। এরফলে সড়ক পথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। শুধু তাই নয় কুলুর মালানা বাঁধেও দেখা দিয়েছে ফাটল। আর তাতে বাড়ছে চিন্তা।
উল্লেখ্য , এই বৃষ্টিতে বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডির বহু মানুষের বসতবাড়ি৷ ডেপুটি কমিশনার জানিয়েছেন, জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে৷ জোর কদমে চলছে উদ্ধারকাজ। তবে লাগাতার বৃষ্টি হওয়ায় উদ্ধারকাজ চালাতে বেশ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এছাড়াও মেঘ ভাঙা বর্ষার প্রকোপে প্রতিবেশী উত্তরাখণ্ডেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৪ জন । জোর কদমে চলেছে উদ্ধারকাজ। একথায় মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ।