নিজস্ব প্রতিনিধিঃ উত্তরাখণ্ডের চামোলিতে বড় দুর্ঘটনা । মানা গ্রামের কাছে আচমকাই তুষারধস। আশঙ্কা করা হচ্ছে হিমবাহ ভাঙনের ফলে চাপা পড়ে গিয়েছেন ৫৭ জন শ্রমিক । তাদের মধ্যে ১০ জনের উদ্ধার করা হয়েছে । বাকি শ্রমিকদের খুঁজতে শুরু চলছে উদ্ধারকাজ । শুক্রবার মানা থেকে ঘাসতোলির মাঝে জাতীয় সড়কের উপর এই ঘটনা ঘটেছে। সেইসময় ৫৭ জন রাস্তা সারাইয়ের কর্মী কাজ করছিলেন । আর তখনই তুষারধস শুরু হয়ে যায় ।
দুর্ঘটনার পর প্রশাসন এবং বিআরও টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। বর্তমানে, আইটিবিপি এবং গাড়োয়াল স্কাউটের দল উদ্ধার কাজে যোগদান করেছে । জোরকদমে চলছে অভিযান । সূত্রের খবর, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে একটি বেসরকারি ঠিকাদারের বিপুল সংখ্যক শ্রমিক কাজ করছিলেন। তাঁরা সকলেই ছিলেন বিআরও চুক্তির অধীনে কর্মরত ঠিকাদার । এদিন কাজ করার সময় আচমকাই তুষারধস নামতেই সকলেই ছোটছুটি শুরু করে দেন । তবে কয়েকজন পালাতে সক্ষম হলেও ৫৭ জন শ্রমিক তুষারে মধ্যে আটকে পড়েন।
ইতিমধ্যেই এই ঘটনায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শোকপ্রকাশ করেছেন । এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন,’ চামোলি জেলার মানা গ্রামের কাছে আচমকাই তুষারধসে অনেক শ্রমিক চাপা পড়ে গিয়েছেন । খুবই দুঃখজনক ঘটনা । আইটিবিপি, বিআরও এবং অন্যান্য উদ্ধারকারী দল উদ্ধার অভিযান চালাচ্ছে । ‘ বলা বাহুল্য, বেশ কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাখণ্ডের পাশাপাশি হিমাচল প্রদেশের অনেক এলাকায় মারাত্মক ক্ষতি হয়েছে। এই আবহে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা ।