নিজস্ব প্রতিনিধি : ছুটিতে সকালে ভালমন্দ খেতে ভালবাসেন অনেকেই। রবিবার ছুটির দিন সকালে মুখরোচক খাবার বানিয়ে নিন। নিরামিশ খাবার হিসেবে বানিয়ে নিন নিরামিশ ঝাল পাটিসাপটা।
উপকরণ: ২ টি সেদ্ধ আলু, ১ টা টমেটো কুচি, প্রয়োজন মত ধনেপাতা কুচি, ২ টি কাঁচা লঙ্কা কুচি, প্রয়োজন মত বিন্স কুচি, ১ টি গাজর কুচি, আদা বাটা ১ চা চামচ, স্বাদমত নুন ও চিনি, ১ চা চামচ ভাজা মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, লঙ্কা গুঁড়ো ১/২ চা চামচ, গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ, প্রয়োজন মত সাদাতেল, ২ টেবিল চামচ ময়দা, ২ টেবিল চামচ চালের গুঁড়ো।
প্রণালী: পুর প্রস্তুত করার জন্য একটি করাইতে তেল গরম করে আদা বাটা, নুন ও হলুদ দিয়ে মিশিয়ে নিন। বিন্স ও গাজর যোগ করে ভেজে নিন। টমেটো ও কাঁচা লঙ্কা যোগ করে নেড়ে নিন। সেদ্ধ আলু যোগ করুন। তারমধ্যে সমস্ত মসলা অর্থাৎ শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, চিনি একসঙ্গে করে ভাল করে মিশিয়ে নিন। পুর তৈরি এক পাশে নামিয়ে রেখে ঠান্ডা করে নিতে হবে।
এবার মিশ্রণ প্রস্তুত করতে হবে। এবার চালের গুড়ো, ময়দা, নুন মিশিয়ে প্রয়োজনমত জল দিয়ে ব্যাটার বানিয়ে নিন। পাটিসাপটা বানানোর জন্য একটি ননস্টিক প্যান গরম করুন। প্যানের তলায় সামান্য তেল দিন। প্যাটিসাপটার একদম পাতলা স্তর দিয়ে সোনালী বাদামি হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এবার পুরটি উপরে দিয়ে ভাল করে ভেজে নিতে হবে।