নিজস্ব প্রতিনিধি : কালীপুজোর রেশ কাটতে না কাটতেই জগতের পালিকা দেবী জগদ্ধাত্রীর পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তিনি হলেন দেবী দুর্গার আর এক রূপ। দেবী দুর্গা হলেন সিংহবাহিনী দশভূজা, আর দেবী জগদ্ধাত্রী হলেন সিংহবাহিনী চতুর্ভুজা।নদীয়া থেকে শুরু করে চন্দনগরে এইসময় দেখার মত পুজো হয়।এইসময় বাড়িতে আড্ডা-অতিথিদের আনাগোনা লেগেই থাকে। তাছাড়া বিশেষ সময়ে বিশেষ কিছু হবে না তাও আবার হয় নাকি ? ছোট-বড় সবার খুব পছন্দের খাবার পোলাও।‘পোলাও’শুধু খাবার নয়, সংস্কৃতিও বটে। তবে না হয় একদিন মুরগি দিয়েই বানিয়ে নিন পোলাও।
উপকরণ : ১ কিলো মুরগির মাংস, আধা কেজি পোলাও চাল, ২০০ গ্রাম টকদই, ১ কাপ দুধ, পোস্ত দানা বাটা, বাদাম কুচি, জাফরান, গরম মসলা গুঁড়ো, পেঁয়াজ বাটা,পরিমাণ মত ঘি, জিরে গুঁড়ো, দারুচিনি, তেজপাতা, কাঁচালঙ্কা, চিনি, এলাচ,লবন ও জল
প্রণালী : মুরগির মাংস গুলোকে প্রথমে টুকরো টুকরো করে নিন।এবার দই সহ সব মসলা মেখে ঢেকে রাখুন। এবার পোলাও আলাদা রান্না করে নিন। দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রাখুন।এবার কড়াইয়ে তেল বা ঘি গরম করে মাখানো মাংস দিন, ভালোভাবে কষিয়ে ভাজুন, পেয়াজ ভাজা, চিনি ও লবণ ছিটিয়ে দিন।অল্প জল দিয়ে ঢেকে রাখুন। মাংস পোলাও হয়ে এলে পোলাও এর মধ্যে সরিয়ে মাংস দিয়ে দিন। এভাবে সমস্ত মাংসটা ভাল করে সাজিয়ে নিন পোলাও এর মধ্যে। ওপরে পেঁয়াজ ভাজা, জাফরান ভেজানো দুধ ছড়িয়ে বাদাম কুচি, কিশমিশ ও কাঁচামরিচ দম আচেঁ ঢেকে রাখুন ১০ মিনিট। এবার গরম গরম পরিবেশন করুন মুরগি পোলাও।
পোলাও রান্নার জন্য, একটি বড়ো পাত্রে ঘি দিয়ে তেজপাতা আর গরম মসলা ফোড়ন দিয়ে দ্বিতীয় পেঁয়াজ বাটা বাকি আদারসুন বাটা কাঁচালঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিন। এবার আধ ঘন্টা আগে ভেজানো চাল দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে পরিমাণ মত জল মিশিয়ে লবন দিয়ে ঢাকা দিয়ে দিন। উঁচু তাপমাত্রায় ফোটাতে হবে। চাল ৮৫ শতাংশ সেদ্ধ হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিন। উপরে ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন।