নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের ইস্তফার দাবিতে পড়ুয়াদের আন্দোলন ঘিরে মঙ্গলবার বিকেলে রণক্ষেত্রের চেহারা নিল সচিবালয়। বিক্ষোভকারী পড়ুয়াদের ‘সবক’ শেখাতে বেধড়ক লাঠিচার্জ করেছে পুলিশ। সেই সঙ্গে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেডও ফাটিয়েছে। পুলিশের লাঠিতে আহত হয়েছেন ৩৫ জন আন্দোলনকারী। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার উত্তরার কাছে মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনের উপরে ভেঙে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান এফ-৭। বিমান ভেঙে পড়ে প্রাণ হারান স্কুলের ৩০ পড়ুয়া ও শিক্ষক। যদিও মৃতের সংখ্যা আরও বেশি বলে দাবি পড়ুয়াদের। ওই ঘটনায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের ইস্তফার দাবিতে সরব হয় পড়ুয়ারা। এদিন সকালেই দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময়ে শিক্ষা ও আইন উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভরত পড়ুয়ারা।
এর পর বিকেলে কয়েক হাজার পড়ুয়া জড়ো হয় সচিবালয়ে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের ইস্তফার দাবিতে শ্লোগান দিতে থাকেন। পুলিশের বাধা উপেক্ষা করে ঢুকে পড়ে সচিবালয়ের ভিতরে। আন্দোলনকারী পড়ুয়াদের উপরে হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে পুলিশ। পড়ুয়াদের সঙ্গে দফায়-দফায় সংঘর্ষ হয়। পুলিশের আচরণে ক্ষেপে গিয়ে সচিবালয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে আন্দোলনকারীদের উপরে নির্মমভাবে লাঠি চালাতে থাকে পুলিশ। লাঠির ঘায়ে অনেকেই আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এর পর কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ফাটানো হয়। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সচিবালয় চত্বর। পুলিশের হামলায় অনেক শিক্ষার্থীর মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।