নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই। আলিপুরের একটি বিশেষ আদালতে শুক্রবার চার্জশিট জমা দেওয়া হয়। কীভাবে বিনা পরীক্ষায় পাশ করানো হয়েছিল তা লিখিত হয়েছে চার্জশিটে। জমা দেওয়া হয়েছে বেশ কিছু ভিডিও ফুটেজও।
শুক্রবার এসএসসি নিয়ে এমনিতেই বড়সড় ঘটনা ঘটেছে। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে তাঁরা শনিবার নিজ ওয়েবসাইটে দাগি প্রার্থীদের নাম ঘোষণা করবে। প্রসঙ্গত, আগেই এসএসসি দুর্নীতি মামলায় কড়া হয়েছিল সুপ্রিম কোর্ট। জানিয়ে দিয়েছিল একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে এসএসসিকে। তারপরেই বলা হয়েছিল সাত দিনের মধ্যে দাগি প্রার্থীদের চিহ্নিত করতে হবে। অবশেষে সুপ্রিম নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে শনিবারই দাগি প্রার্থীদের চিহ্নিত করে নাম প্রকাশ করবে এসএসসি।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার জানিয়েছিলেন, চিহ্নিত অযোগ্যরা কোনওভাবেই পরীক্ষায় বসতে পারবেন না। তালিকায় ঢুকলে ব্যবস্থা নেওয়া হবে। হুঁশিয়ারি যে বেশ ভালই কাজে লেগেছে তা আর বলে দিতে হয় না। এদিকে আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর নির্ধারিত দিনেই স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি পরীক্ষা হবে। শুক্রবার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ, ‘দাগি’ অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। সে বিষয়টি নিশ্চিত করতে হবে এসএসসি কর্তৃপক্ষকেই।
আগেই মোটামুটিভাবে পরীক্ষার সম্ভাব্য দিনের কথা জানিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছিল ডিআই-দের। বৃহস্পতিবার জারি হয়েছিল বিজ্ঞপ্তি। এ বার সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ায় এ নিয়ে আর জল্পনার অবকাশ রইল না।