নিজস্ব প্রতিনিধি: আরজিকর ঘটনার বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে নাগরিক মঞ্চ। সেখানেই যোগ দিচ্ছেন নির্যাতিতার মা-বাবা। আরজিকর মামলায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে খুব উপড়ে দিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। এবার তাঁদের সুরই শোনা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষের গলায়। সাংবাদিকদের সামনে তিনি বলেছেন, এইরকম জঘন্য অপরাধের সুবিচার না মিললে সব স্তরের পক্ষ থেকে প্রশ্ন উঠবে।
তিনি আরো বলেছেন, আদালতের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত নতুন করে শুরু হওয়া উচিত। অনেক তথ্য উপেক্ষিত থেকে গিয়েছে। এই ঘটনায় নতুন তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত। আরজিকর ঘটনায় সুবিচার এখনো না আসায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছে। এই নিয়ে দিলীপ ঘোষ কড়া ভাষায় বলেছেন, বিচার এখনও আসেনি। সঠিক বিচার হয়নি বলেই সাধারণ মানুষ পথে নামছে। নবান্ন অভিযান নিয়ে তার মন্তব্য, এই আন্দোলন কোনও রাজনৈতিক দলের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটা জন আন্দোলনের রূপ পেয়েছে। এই ক্ষোভের আকার নিয়ে সরকার বুঝতে পারছে না বলে জানান বিজেপি নেতা দিলীপ ঘোষ।
আরজি কর ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে নবান্ন অভিযানের ডাক দিয়েছে নাগরিক সমাজ। নবান্ন অভিযান ঘিরে সতর্ক রয়েছে রাজ্য পুলিশ। ইতিমধ্যেই রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে মিছিল করা হোক। কোন সম্পত্তি যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা নাগরিকের কর্তব্য। নবান্ন অভিযান ঘিরে কড়া নজরদারি রয়েছে পুলিশ প্রশাসনের। যান চলাচলে কোন সমস্যা না হয় সেই দিকে খেয়াল রাখা হয়েছে।