নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কথায় বলে, ‘স্বভাব যায় না ম’লে।’ মামলা ধামাচাপার বিনিময়ে এক লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের আধিকারিকদের হাতে পাকড়াও হলেন দিল্লি পুলিশের এক হেড কনস্টেবল। রাজধানীর অশোক বিহার থানায় কর্মরত অভিযুক্ত হেড কনস্টেবলের নাম অবশ্য প্রকাশ করেননি সিবিআইয়ের আধিকারিকরা। ওই ঘটনার কথা জানাজানি হতেই দিল্লি পুলিশে শোরগোল পড়ে গিয়েছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তির নামে অশোক বিহার থানায় অবিযোগ জমা পড়ে। অবিযুক্তকে ফোন করে থানার হেড কনস্টেবল সটান তিন লাখ টাকা ঘুষ হিসাবে দাবি করেন। চাহিদামতো তিন লাখ টাকা দিলে তার বিরুদ্ধে কোনও এফআইআর করা হবে না বলে প্রতিশ্রুতিও দেন। যদিও ওই ব্যাক্তি জানান, তার পক্ষে তিন লাখ টাকা জোগাড় করা অসম্ভব। বড়জোড় দুই লক্ষ টাকা দিতে পারবেন। তাও একবারে নয়। কিস্তিতে দেবেন। এ নিয়ে দু’তরফের মধ্যে দর কষাকষি চলে। শেষ পর্যন্ত দুই লক্ষ টাকা ঘুষের বিনিময়েই মামলা ধামাচাপা দিতে রাজি হন ধৃত হেড কনস্টেবল। বিষয়টি জানতে পারেন সিবিআইয়ের আধিকারিকরা।
সিবিআইয়ের আধিকারিকরা ফাঁদ পাতেন। গতকাল সোমবার (২৫ অগস্ট) একটি নির্দিষ্ট জায়গায় অশোক বিহার থানার হেড কনস্টেবলকে ঘুষের এক লক্ষ টাকা নেওয়ার জন্য ডেকে পাঠান অভিযোগকারী। টাকা লেনদেনের সময়েই হাতেনাতে পাকড়াও করা হয় ঘুষখোর হেড কনস্টেবলকে। সেই সঙ্গে ঘুষ দেওয়ার দায়ে ওই ব্যক্তিকেও আটক করা হয়েছে। ঘুষ নিতে গিয়ে হেড কনস্টেবলের পাকড়াও হওয়া নিয়ে মুখ খুলতে চাননি দিল্লি পুলিশের পদস্থ আধিকারিকরা।