নিজস্ব প্রতিনিধি: শহরের তিনটি নতুন রুটের উদ্বোধন করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানেও ব্রাত্যজন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবারের এই অনুষ্ঠানে তিনি হাজির থাকতে নাও পারেন বলে আগেই জানিয়ে দিয়েছিলেন। এবার শুক্রবার তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই অনুষ্ঠানে হাজির থাকছেন না তিনি। শুক্রবার বেঙ্গালুরুর উদ্দেশ্যে চলে যাচ্ছেন। রবি শংকর প্রসাদের সঙ্গে মিটিং রয়েছে তাঁর। চিঠি দিয়ে দেখা করার কথা জানানো হয়েছিল। শনিবার রাজ্যে ফিরবেন দিলীপ ঘোষ। এখানেই তার গলায় শোনা গিয়েছে অভিমানের সুর। তিনি বলেছেন, কলকাতায় থেকে লাভ নেই। আজ কলকাতায় তাঁর কোনো কাজ নেই।
দলের প্রতি তার অবদান প্রসঙ্গে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী কি বুঝবেন সেটা তাঁর ওপর ছেড়ে দেওয়া হোক। দলের মধ্যে হাজার হাজার কর্মী রয়েছে পার্টি তাদের নিয়ে ভাবে যোগ্য মনে করলে তাদের কাজ দেয় পার্টিতে তার কোন কাজ নেই। পার্টি যখন কোন কাজ দেবে সেই কাজ তিনি করবেন। আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করার প্রসঙ্গে তিনি বলেছেন, দল যেটা বলবে সেটাই করবেন। দল যদি মনে করে নির্বাচনের লড়াই করার দরকার নেই তাহলে অন্য কাজ করবেন।
এই নিয়ে মোট তিনবার বিজেপির বড় সভায় ডাক পেলেন না দিলীপ ঘোষ। মোদির অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়া বিষয়টি পাত্তা না দিলেও অভিমান টের পাওয়া গিয়েছে দিলীপ ঘোষের কথায়। একটা সময়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্যে এলেই উপস্থিত থাকতেন দিলীপ। আজ তাঁর সেখানে ডাক নেই। শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩টি নতুন মেট্রোপথের উদ্বোধন করবেন তিনি। সঙ্গে দমদমের সেন্ট্রাল জেল ময়দানে প্রশাসনিক এবং রাজনৈতিক সভাও করার কথা আছে তাঁর।